সৌদি আরবকে অস্ত্র সরবরাহ বাতিল করেছে আমেরিকা: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/world-i28180-সৌদি_আরবকে_অস্ত্র_সরবরাহ_বাতিল_করেছে_আমেরিকা_রিপোর্ট
ইয়েমেনে সৌদি আগ্রাসনে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হওয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে রিয়াদের কাছে কিছু সমরাস্ত্র রপ্তানি বাতিল করেছে ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৬ ০৪:২৯ Asia/Dhaka
  • ইয়েমেনে সা\'দা শহরে সৌদি বিমান হামলার ভয়াবহ দৃশ্য
    ইয়েমেনে সা\'দা শহরে সৌদি বিমান হামলার ভয়াবহ দৃশ্য

ইয়েমেনে সৌদি আগ্রাসনে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হওয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে রিয়াদের কাছে কিছু সমরাস্ত্র রপ্তানি বাতিল করেছে ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার অর্থ কাউকে যা খুশি তাই করতে দেয়ার অনুমতি নয়।” তিনি আরো বলেন, “এ কারণে আমরা বিদেশে কিছু সমরাস্ত্র রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছি।”

ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, “ইয়েমেনে বিমান হামলা চালানোর ক্ষেত্রে সৌদি নেতৃত্বাধীন জোট যে পরিস্থিতি তৈরি করেছে সে ব্যাপারে আমাদের গভীর ও নিরবচ্ছিন্ন উদ্বেগের বিষয়টি ফুটে উঠেছে আমাদের এ সিদ্ধান্তে।”

২০১৫ সালের মার্চ মাস থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন শুরু করে সৌদি আরব। এ হামলায় এখন পর্যন্ত ১১,৪০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের একটি মনিটরিং গ্রুপ। এ আগ্রাসনে সৌদি আরবকে সব রকম পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা। গত সেপ্টেম্বরে বারাক ওবামা প্রশাসন রিয়াদের কাছে ১১,৫০০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেয়। এটি ছিল সৌদি রাজতন্ত্রের সঙ্গে আমেরিকার গত ৭১ বছরের মৈত্রীর ইতিহাসে সর্বোচ্চ সামরিক সহযোগিতা।

কিন্তু সৌদি আগ্রাসনে ইয়েমেনের নিরপরাধ নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের ব্যাপক প্রাণহানির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনে ওই অস্ত্র চুক্তির বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। আমেরিকার ভেতরেও এর বিরুদ্ধে প্রতিবাদ হয়। ৬৪ জন মার্কিন সিনেটর ওই অস্ত্র চুক্তির প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্ট ওবামাকে চিঠি দেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪