আঞ্চলিক ইস্যুতে প্রথমবারের মতো শলাপরামর্শ করল রাশিয়া ও পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i28255-আঞ্চলিক_ইস্যুতে_প্রথমবারের_মতো_শলাপরামর্শ_করল_রাশিয়া_ও_পাকিস্তান
পাকিস্তান এবং রাশিয়া আঞ্চলিক ইস্যুতে আজ(বুধবার) প্রথমবারের মতো শলাপরামর্শ করেছে। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৬ ২১:০৩ Asia/Dhaka
  • আঞ্চলিক ইস্যুতে প্রথমবারের মতো শলাপরামর্শ করল রাশিয়া ও পাকিস্তান

পাকিস্তান এবং রাশিয়া আঞ্চলিক ইস্যুতে আজ(বুধবার) প্রথমবারের মতো শলাপরামর্শ করেছে। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

পাক পররাষ্ট্র দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পাক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইসলামাবাদের পররাষ্ট্র দফতরের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক আহমাদ হোসেইন দাইয়ো। রুশ পক্ষের নেতৃত্বে দেশটির পররাষ্ট্র দফতরের সিআইএস বিভাগের প্রধান আলেকজান্দার ভি স্তারনিক ছিলেন বলে জানানো হয়েছে।

শলাপরামর্শের সময়ে ব্যাপক বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। তাদের আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা এবং কানেক্টিভিটিসহ পারস্পরিক স্বার্থ বিষয়ক গুরত্বপূর্ণ ইস্যুগুলো ঠাঁই পেয়েছে। এ ছাড়া, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়েও মত বিনিময় করে উভয়পক্ষ।

দ্বিতীয় দফা শলাপরামর্শ আগামী বছর মস্কোতে অনুষ্ঠিত হবে বলে পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান।

অবশ্য এর আগে  রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্দার বোগদানোভ পাকিস্তান সফর করেছে এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার যোগ দেয়ার বিষয়ে আলোচনা করেছেন বলে পাক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। অবশ্য সিপিইসি’তে যোগ দেয়া সংক্রান্ত আলোচনার বিষয় অস্বীকার করেছে রাশিয়া।

এদিকে চলতি বছরই রাশিয়া-পাকিস্তান যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শীতল যুদ্ধের সময়কার পরস্পর বিরোধী শিবিরের দুই দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ সামরিক মহড়ার প্রতি সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাপক আগ্রহ সহকারে নজর রেখেছিল।

২০১৪ সালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর পাকিস্তান সফরের পর  থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৪