বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান
-
বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বাবর-২ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, এ ক্ষেপণাস্ত্র ভূমি এবং সমুদ্র থেকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে।
ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৭০০ কিলোমিটার। এছাড়া, ভূ-পৃষ্ঠের খুব নিচু দিয়ে উড়তে পারে এবং নানা ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। আইএসপিআর বলছে, এ ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ফাঁকি দিতে পারে। হামলার ধরণ ও কার্যক্ষমতার কারণে বাবর-২ ক্রুজ ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কৌশলগত অস্ত্রভাণ্ডারে গুরুত্বপূর্ণ বহুমুখী অস্ত্র হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেপণাস্ত্র জিপিএস সিস্টেম ছাড়াই শত্রুর লক্ষ্যে নিখুঁতভাবে হামলা করতে সক্ষম।
বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সেখানে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবায়ের মাহমুদ হায়াতসহ শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাবর ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে জড়িত সব ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীকে পাক প্রেসিডেন্ট মামনুন হোসেইন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অভিনন্দন জানিয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪