তুরস্ককে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহযোগিতা করবে রাশিয়া
-
রজব তাইয়্যেব এরদোগান (বামে) ও ভ্লাদিমির পুতিন (ফাইল ছবি)
তুরস্ককে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহযোগিতা করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে রাশিয়া। তুরস্কের মধ্যাঞ্চলীয় কাইসেরি শহরে শনিবার এক শক্তিশালী বোমা হামলায় এক ডজনেরও বেশি তুর্কি সেনা নিহত হওয়ার পর এ প্রস্তাব দিয়েছে মস্কো।
ওই হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেব এরদোগানকে একটি টেলিগ্রাম পাঠিয়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধে আঙ্কারার পাশে থাকার প্রস্তাব দেন বলে রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে।
প্রেসিডেন্ট এরদোগানকে শনিবারের ঘটনায় সমবেদনাও জানান পুতিন। সন্ত্রাস বিরোধী যুদ্ধে তুরস্ক আরো বেশি আন্তরিক হবে বলেও আশা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট।
শনিবারের বোমা হামলার জন্য তুর্কি সরকার কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলা গোষ্ঠী পিকেকেকে দায়ী করেছে।
তুর্কি প্রধানমন্ত্রীর দফতর এ বোমা হামলার খবর প্রকাশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে বলেছে, যে খবর প্রকাশিত হলে বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক তৈরি হয় তা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষা করে। কাজেই এ ধরনের খবর প্রকাশ থেকে গণমাধ্যমকে বিরত থাকতে হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮