৩৯ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত
-
আইএল-১৮ বিমান(ফাইল ছবি)
রাশিয়ার একটি সামরিক বিমান আজ(সোমবার) বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৩২ সেনা কর্মকর্তা ও ৭ ক্রু ছিল। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আইএল-১৮ বিমানটি রাশিয়ার সাখা বা ইয়াকুতিয়া প্রজাতন্ত্রে বিধ্বস্ত হয়। এ প্রজাতন্ত্রের তিকসি বসতি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়েছে।
বিমানের সব আরোহী প্রাণে রক্ষা পেয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। অবশ্য প্রাথমিক ভাবে কেবলমাত্র পাঁচজনের বেঁচে যাওয়ার খবর প্রচারিত হয়েছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমানের সব আরোহীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানানো হয় নি।
বিমান বিধ্বস্ত হওয়ার বিস্তারিত কারণ খুঁজে বের করার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি দলকে ইয়াকুতিয়ায় পাঠানো হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯