জার্মানির ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলা: নিহত ১২, আহত ৪৮
-
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলা
জার্মানির রাজধানী বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে এক ব্যক্তি একটি ট্রাকের সাহায্যে হামলা চালিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। গতকাল (সোমবার) রাতে এ ঘটনা ঘটেছে।
চালক একাধারে প্রায় ৮০ মিটার ট্রাক চালিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত করে। গত জুলাই মাসে ফ্রান্সের নাইস শহরে যে ট্রাক হামলা হয়েছে বার্লিনেও গতকাল সে ধরনের হামলা চালিয়েছে ঘাতক চালক। এ ঘটনার পর ফ্রান্সও ক্রিসমাস মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনাকে তাৎক্ষণিকভাবে ‘হামলা’ বলতে রাজি হন নি তবে অনির্ভরযোগ্য রিপোর্টে বলা হচ্ছে- উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীরা টুইটার বার্তায় এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
তৃষা ও’নিল নামে অস্ট্রেলিয়ার এক পর্যটক ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, “যেখানে সেখানে রক্ত ও মৃতদেহ পড়েছিল; আমি দেখলাম বিশালাকারের ট্রাকটি মার্কেটের সবজায়গায় চষে বেড়াচ্ছে এবং সবকিছুই তছনছ করছে। সব লাইট নিভে যাওয়ার পর আসলে সবকিছু ধ্বংস হয়ে গেল।” পুলিশ জানিয়েছে, ট্রাক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকে যারা আরোহী ছিল তারা সবাই মারা গেছে। অনির্ভরযোগ্য সূত্রে বলা হচ্ছে- ঘাতক চালক একজন শরণার্থী এবং সে হয় আফগানিস্তান থেকে না হয় পাকিস্তান থেকে চলতি বছরের প্রথম দিকে জার্মানি গেছে। ট্রাকটির মালিক হচ্ছেন একজন পোল্যান্ডের নাগরিক এবং তার নাম এরিয়েল জুরাওয়াস্কি। তিনি জানিয়েছেন, চালক নিখোঁজ রয়েছে। তিনি চালককে তার নিকটাত্মীয় বলে দাবি করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০