ইউক্রেনকে ‘প্রস্তর যুগের’ ড্রোন দিয়েছে আমেরিকা: রিপোর্ট
-
একটি র্যাভেন ড্রোন আকাশে উড়াচ্ছেন একজন মার্কিন সেনা (ফাইল ছবি)
রুশ-পন্থি অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য আমেরিকা ইউক্রেনকে ‘প্রস্তর যুগের’ প্রযুক্তি সম্বলিত ড্রোন দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। অস্ত্রধারীদের হ্যাকিং তৎপরতার বিরুদ্ধে এই ড্রোন অকার্যকর বলেও জানানো হয়েছে।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক খবরে জানা গেছে, গত গ্রীষ্মে ইউক্রেনকে অ্যানালগ প্রযুক্তির ৭২টি র্যাভেন আরকিউ ১১বি ড্রোন দিয়েছে আমেরিকা। ইউক্রেন সংকট নিরসনের লক্ষ্যে কিয়েভকে প্রতিশ্রুত সামরিক সহায়তার অংশ হিসেবে এসব ড্রোন দেয় ওবামা প্রশাসন।
ইউক্রেন সেনাবাহিনীর অন্যতম উপদেষ্টা ন্যাটান চাযিন এ সম্পর্কে রয়টার্সকে বলেন, শুরু থেকেই এই ড্রোন ব্যবহার করা ছিল ভুল সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত তার হাতে থাকলে তিনি এগুলো ওয়াশিংটনকে ফিরিয়ে দিতেন বলে উল্লেখ করেন চাযিন।
ইউক্রেনের বিমান বাহিনীও একথার সত্যতা স্বীকার করেছে যে, র্যাভেনের প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি সহজেই শত্রুপক্ষ চিহ্নিত করে আটক করে নিয়ে যায়। এ ছাড়া, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে কারো পক্ষে এই ড্রোন পরিচালনাকারী কমান্ড সেন্টারের সব তথ্য হাতিয়ে নেয়া সম্ভব বলে ওই বাহিনী জানিয়েছে।
ইউক্রেনকে দেয়া ড্রোনগুলির ত্রুটিপূর্ণ অবস্থার কথা স্বীকার করে ওয়াশিংটন বলেছে, মার্কিন সেনাবাহিনী বর্তমানে এই ড্রোনের উন্নত সংস্করণ ব্যবহার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেন, ড্রোনটি তৈরির আগে আমরা যেরকমটি চেয়েছিলাম এটি তার চেয়ে অনেক কম কার্যকর।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২