আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের মোহ নেই: রাশিয়া
-
দিমিত্রি পেসকভ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে তার দেশের আগাম কোনো মোহ নেই।
তিনি আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের জানান, মার্কিন বর্তমান প্রশাসনের প্রায় সব স্তরের সঙ্গে রাশিয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেছে তবে মস্কো আশা করছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গঠনমূলক পদক্ষেপ নেবেন। তারপরও রাশিয়া বিষয়টি নিয়ে আগে থেকেই বিশেষ কোনো সাফল্য আশা করছে না।
ইউক্রেনসহ কয়েকটি ইস্যু নিয়ে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এ ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপ একযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া, রুশ সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী মোতায়েন নিয়ে মস্কো-ওয়াশিংটন টানাপড়েন মারাত্মক অবস্থায় রয়েছে।
মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত আমেরিকা ও রাশিয়ার মধ্যে একই রকমের নাজুক সম্পর্ক বিদ্যমান। অনেকক্ষেত্রেই দু দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের সময়কার অবস্থায় পৌঁছেছে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২