প্রশান্ত মহাসাগরে পাঠানো হলো প্রথম চীনা বিমানবাহী রণতরী
https://parstoday.ir/bn/news/world-i29227-প্রশান্ত_মহাসাগরে_পাঠানো_হলো_প্রথম_চীনা_বিমানবাহী_রণতরী
পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো চীন একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। দেশটির নৌবাহিনী বলেছে, নিয়মিত মহড়ার অংশ হিসেবে জাহাজটিকে প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৬ ০৪:০৩ Asia/Dhaka
  • চলতি মাসের গোড়ার দিকে বোহাই সাগরে মহড়া চালায় লিয়াওনিং
    চলতি মাসের গোড়ার দিকে বোহাই সাগরে মহড়া চালায় লিয়াওনিং

পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো চীন একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। দেশটির নৌবাহিনী বলেছে, নিয়মিত মহড়ার অংশ হিসেবে জাহাজটিকে প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, এই প্রথম দেশটির বিমানবাহনী রণতরী লিয়াওনিং’কে ‘দূরবর্তী পানিসীমায়’ পাঠানো হলো। তবে জাহাজটি ঠিক কোন পথ ধরে কোথায় গিয়ে কী ধরনের মহড়া চালাবে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার একই সময়ে প্রশান্ত মহাসাগরে চীনের রণতরী পাঠানোর খবর এল।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা লিয়াওনিং’র গতিবিধি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। জাপানের মিয়াকো এবং ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মধ্যবর্তী মিয়াকো প্রণালী দিয়ে রণতরীটি অতিক্রম করেছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে।

ওদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব চীন সাগরের মধ্যাঞ্চলে আটটি চীনা যুদ্ধজাহাজের সঙ্গে লিয়াওনিং’কে দেখা গেছে।  ওই আট যুদ্ধজাহাজের মধ্যে একাধিক ডেস্ট্রয়ার ও ফ্রিগেট রয়েছে। ওই মন্ত্রণালয় বলেছে, এখনো এই বহরটি জাপানের পানিসীমায় প্রবেশ করেনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬