মার্কিন এফ-৩৫ মোকাবেলায় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বানাল চীন
https://parstoday.ir/bn/news/world-i29320-মার্কিন_এফ_৩৫_মোকাবেলায়_পঞ্চম_প্রজন্মের_যুদ্ধবিমান_বানাল_চীন
চীন পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমানের পরীক্ষা চালিয়েছে। মার্কিন এফ-৩৫ মোকাবেলা করতেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বানানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৬ ০৯:০৯ Asia/Dhaka
  • মার্কিন এফ-৩৫ মোকাবেলায় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বানাল চীন

চীন পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমানের পরীক্ষা চালিয়েছে। মার্কিন এফ-৩৫ মোকাবেলা করতেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বানানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

আমেরিকা এবং তাইওয়ানের সঙ্গে যখন দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা তুঙ্গে তখন এ বিমানের পরীক্ষা চালানো হলো। এই উত্তেজনার মধ্যেই চীনা বিমানবাহী রণতরী  লিয়াওনিং-কে খোলা সাগরে প্রথম মহড়ার জন্য পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়েছে।

অত্যাধুনিক যুদ্ধবিমানের ক্ষেত্রে পশ্চিমা বিশেষকরে মার্কিন একক আধিপত্যের ইতি টানার লক্ষ্যে তৈরি করা হয়েছে পঞ্চম প্রজন্মের এফসি-৩১ গিরফ্যালকন নামের চীনা বিমান।

দুই ইঞ্জিনের যুদ্ধবিমানকে কেউ কেউ মার্কিন এফ-৩৫’র চীনা সংস্করণ হিসেবে অভিহিত করেছেন। এফ-৩৫ জঙ্গি বিমানকে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বিমান হিসেবে মনে করা হয়।

চীনা যুদ্ধবিমান জে-৩১’র নতুন ভার্সনের নাম এফসি-৩১ গিরফ্যালকন রাখা হয়েছে। গত শুক্রবার এটি প্রথম দফা আকাশে উড়েছিল। এর স্টিলথ বা রাডার ফাঁকি দেয়ার সক্ষমতার উন্নয়ন ঘটানোর পাশাপাশি ইলেকট্রনিক যন্ত্রপাতির উন্নয়ন ঘটেছে। এ ছাড়া, এফসি-৩১ বিমানের বোমা বহনের সক্ষমতাও বাড়ানো হয়েছে।

চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন বা এভিআইসি’র সহায়ক সংস্থা শেনইয়াং এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি বিমানটি ৭ কোটি ডলারে বিক্রি হবে ধারণা করা হচ্ছে।

চীন নিজ দেশের অস্ত্র শিল্পের দ্রুত এবং চোখ ধাঁধানো উন্নতি ঘটাচ্ছে। ড্রোন ও বিমান বিধ্বংসী ব্যবস্থা থেকে শুরু করে জেট বিমানের ইঞ্জিন সবই তৈরি করছে দেশটি।#

পার্সটুডে/মূসা রেজা/২৭