জনরোষ উপেক্ষা করে সৌদি আরবকে ২টি দ্বীপ দিয়ে দিচ্ছে মিশর
https://parstoday.ir/bn/news/world-i29560-জনরোষ_উপেক্ষা_করে_সৌদি_আরবকে_২টি_দ্বীপ_দিয়ে_দিচ্ছে_মিশর
প্রবল জনরোষ ও আদালতের নির্দেশ অগ্রাহ্য করে লোহিত সাগরে অবস্থিত দু’টি কৌশলগত দ্বীপ সৌদি আরবকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশর সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদনের জন্য মিশরের পার্লামেন্টে পাঠানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ০৪:৫২ Asia/Dhaka
  • আকাশ থেকে তোলা তিরান দ্বীপের ছবি (কাছে)। দূরে সানাফির দ্বীপকে দেখা যাচ্ছে
    আকাশ থেকে তোলা তিরান দ্বীপের ছবি (কাছে)। দূরে সানাফির দ্বীপকে দেখা যাচ্ছে

প্রবল জনরোষ ও আদালতের নির্দেশ অগ্রাহ্য করে লোহিত সাগরে অবস্থিত দু’টি কৌশলগত দ্বীপ সৌদি আরবকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশর সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদনের জন্য মিশরের পার্লামেন্টে পাঠানো হয়েছে।

গত ৯ এপ্রিল মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি ঘোষণা করেন, রিয়াদ ও কায়রোর মধ্যে স্বাক্ষরিত সমুদ্রসীমা বিষয়ক এক চুক্তিতে ‘তিরান’ ও ‘সানাফির’ দ্বীপ দু’টি সৌদি পানিসীমার মধ্যে পড়েছে। ওই চুক্তি ৮ এপ্রিল স্বাক্ষরিত হয়।

প্রেসিডেন্ট সিসি’র এ ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার মিশরীয় রাস্তায় নেমে ওই চুক্তিকে ‘অসাংবিধানিক’ বলে তা প্রত্যাখ্যান করেন।  এরপর থেকে প্রায়ই দু’টি দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়ে এসেছে।

দ্বীপ হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কায়রোয় বিক্ষোভ

বিক্ষোভকারীরা বলছেন, সৌদি টাকার কাছে আত্মসমর্পন করেছেন প্রেসিডেন্ট সিসি।  বিভিন্ন আরব গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মিশরের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার বিনিময়ে  আব্দেল ফাত্তাহ আল-সিসি রিয়াদের কাছ থেকে ২,০০০ কোটি ডলারের অর্থসাহায্য পেয়েছেন।

মিশরের পুলিশ এ পর্যন্ত বহু বিক্ষোভকারীকে আটক করেছে  এবং শত শত বিক্ষোভকারী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন।

এদিকে, গত জুনে মিশরের প্রশাসনিক উচ্চ আদালত সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে বাতিল বলে ঘোষণা করে। আদালতের রায়ে বলা হয়, তিরান ও সানাফির দ্বীপের ওপর মিশরের সার্বভৌমত্বের অধিকার ত্যাগ করা যাবে না।  মিশর সরকার ওই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেছে এবং সেখান থেকে সরকারের পক্ষে রায় আসবে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০