১১ দেশের বিপক্ষে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন ইউনিস খান
-
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পর ইউনিস খান
ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১১ দেশের মাটিতে টেস্ট সেঞ্চুরির বিরল রেকর্ড গড়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান।
টেস্ট খেলুড়ে ১০ দেশের মাটিতে সেঞ্চুরির রেকর্ড আছে ভারতের রাহুল দ্রাবিড়, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ এবং শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করার মাধ্যমে সবাইকে টপকে নয়া এক বিশ্বরেকর্ড গড়লেন ইউনিস খান। এছাড়া, ৩২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করলেন তিনি। এর আগে সর্বশেষ ১৯৮৪ সালে ব্রিজবেনে ৪০ বছর বয়সে সেঞ্চুরি করেন ক্লায়েভ লয়েড। এই সেঞ্চুরির মাধ্যমে ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনেকে স্পর্শ করলেন ইউনিস খান। টেস্টে এই চারজনের সেঞ্চুরি ৩৪টি করে।
এর আগে টেস্ট খেলুড়ে ৯ দেশ ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টেস্ট সেঞ্চুরি ছিল ইউনিস খানের। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ৫ টেস্ট খেলে কোনো কোনো সেঞ্চুরির দেখা পাননি। তবে ষষ্ঠ ম্যাচে এসে নিজের ১১তম ইনিংসে সেই ম্যাজিক ফিগারের দেখা পেলেন ইউনিস খান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্টে ৮ উইকেটে ৫৩৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে ৮ উইকেটে ২৭১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। পাকিস্তান প্রথম ইনিংসে এখনো ২৬৭ রানে পিছিয়ে। ইউনিস খান ও আজহার আলী ছাড়া পাকিস্তানের সবাই ব্যর্থ।
আজহার আলী ৭১ রানে ফেরার পর নিয়মিত বিরতিতেই উইকেট পড়েছে পাকিস্তানের। মিসবাহ-উল-হকের বাজে ফর্মটা দীর্ঘায়িতই হয়েছে—১৮ রানে ফিরেছেন। আসাদ শফিক আউট হয়েছেন ৪ রান করে। সরফরাজ আহমেদকে সঙ্গে নিয়ে ইউনিস আরও একটি জুটি গড়ার পথে এগিয়ে গেলেও সেটি বড় হয়নি। ইউনিস-সরফরাজের ৪২ রানের জুটি পাকিস্তানের সংগ্রহটাকে একটু ভালো চেহারায় রূপ দিয়েছে। তবে, ফলোঅন এড়াতেই আরও ২৬৭ রান লাগবে পাকিস্তানের। ইউনিস এখনো অপরাজিত আছেন ১৩৬ রানে। ২৭৯ বল খেলে ১৪টি চার ও ১টি ছয়ে নিজের ইনিংসটি খেলেছেন।
অস্ট্রেলিয়ার নাথান লায়ন নিয়েছেন ৩ উইকেট, ৯৮ রানে। ফিরিয়েছেন মিসবাহ, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে। স্টিভ ও’কিফের বলে স্লিপে আসাদ শফিকের এক দুর্দান্ত ক্যাচ নেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ। এই দুইয়ের পাশাপাশি জশ হ্যাজলউড নিয়েছেন ২ উইকেট। মিচেল স্টার্ক একটি।
পার্সটুডে/এআর/৫