মার্কিন চাপে পিছু হটবে না চীন: পিপল’স ডেইলি
https://parstoday.ir/bn/news/world-i31555-মার্কিন_চাপে_পিছু_হটবে_না_চীন_পিপল’স_ডেইলি
চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপল’স ডেইলি জানিয়েছে, বিদেশি চাপ সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া অব্যাহত রাখবে চীন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত এই পত্রিকায় প্রকাশিত রোববারের এক সম্পাদকীয়তে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ ও সামরিক তৎপরতার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে আরো বলা হয়েছে, এ ধরনের ‘উস্কানিতে’ বেইজিং তার পথ থেকে সরে আসবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২২, ২০১৭ ১৫:২২ Asia/Dhaka
  • চীনা যুদ্ধজাহাজ
    চীনা যুদ্ধজাহাজ

চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপল’স ডেইলি জানিয়েছে, বিদেশি চাপ সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া অব্যাহত রাখবে চীন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত এই পত্রিকায় প্রকাশিত রোববারের এক সম্পাদকীয়তে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ ও সামরিক তৎপরতার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে আরো বলা হয়েছে, এ ধরনের ‘উস্কানিতে’ বেইজিং তার পথ থেকে সরে আসবে না।

সম্প্রতি মার্কিন সিনেটে শুনানিতে তখনকার পররাষ্ট্রমন্ত্রী প্রার্থী টিলারসন বলেছিলেন, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিং কৃত্রিম দ্বীপপুঞ্জ গড়ে তোলার কারণে সেখানে চীনের প্রবেশাধিকার বন্ধ করে দেয়া উচিত। তিনি এও বলেছেন যে, এ ধরনের দ্বীপ নির্মাণ বন্ধ করা উচিত, কিন্তু কীভাবে আমেরিকা এই নীতি কার্যকর করবে তিনি তা ব্যাখ্যা করেন নি।

টিলারসনের মন্তব্য উল্লেখ করে চীনা পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, “এই উস্কানি, চাপ, কল্পনা ও অতিরঞ্জন চীনা সামরিক বাহিনীর স্বাভাবিক কাজকে ব্যাহত করবে না।”

পত্রিকাটি জানায়, “বাইরের দেশগুলোর অনধিকারচর্চা ও হস্তক্ষেপ শুধুমাত্র আঞ্চলিক দেশগুলো ও বিশ্ববাসীর অভিন্ন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।” পত্রিকাটি জোর দিয়ে বলেছে, দক্ষিণ চীন সাগরের উপকূলে চীনা সামরিক মহড়া নিয়মিত ও অত্যন্ত স্বাভাবিক অনুশীলনে পরিণত হবে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২