আমেরিকা চলে যাওয়ার পর চীনকে চাইছে টিপিপি সদস্যরা
https://parstoday.ir/bn/news/world-i31699-আমেরিকা_চলে_যাওয়ার_পর_চীনকে_চাইছে_টিপিপি_সদস্যরা
বাণিজ্য বিষয়ক ট্রান্স-প্যাসিফিক পার্টনারশি বা টিপিপি চুক্তি থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর এ চুক্তির কয়েকটি সদস্য দেশ এখন চীনকে পাশে পেতে চাইছে। গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এ চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৭ ১৩:৫৯ Asia/Dhaka
  • টিপিপি থেকে প্রত্যাহার করার নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প
    টিপিপি থেকে প্রত্যাহার করার নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প

বাণিজ্য বিষয়ক ট্রান্স-প্যাসিফিক পার্টনারশি বা টিপিপি চুক্তি থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর এ চুক্তির কয়েকটি সদস্য দেশ এখন চীনকে পাশে পেতে চাইছে। গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এ চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছেন।

টিপিপি’র অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আজ বলেছে, তারা চীন ও এশিয়ার আরো কয়েকটি দেশকে এ জোটে যোগ দেয়ার জন্য উৎসাহিত করছে। তবে চীনের প্রতিদ্বন্দ্বী দেশ জাপান বিষয়টি ভালো চোখে দেখছে না। চুক্তির অন্যতম সদস্য চিলি বলেছে, তারা চুক্তিটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। দেশটি জানিয়েছে, আগামী মার্চে অনুষ্ঠেয় সম্মেলনে চীন ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে উঁচু মাত্রার ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে দাবি করেছে চিলি।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য টিপিপি ছিল এশিয়া বিষয়ক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি চুক্তি। ২০১৫ সালে এটি সই হয় তবে এখনো বেশিরভাগ দেশের সংসদে চুক্তিটি অনুমোদন পায় নি। চীনকে অর্থনৈতিকভাবে মোকাবেলার জন্য ওবামা উদ্যোগী হয়ে এ চুক্তি করেছিলেন।

টিপিপি থেকে আমেরিকার সরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, আমেরিকা ছাড়া টিপিপি এগিয়ে নেয়ার বিষয়ে তিনি জাপান, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তিনি জানান, এ চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়া বড় ধরনের ক্ষতি তবে ওয়াশিংটন চলে গেলেও চুক্তিটিকে বাতিল করার কথা তিনি ভাবছেন না।

আমেরিকা ছাড়া চুক্তিতে সই করা অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কানাডা, চিলি, মেক্সিকো ও পেরু। এসব দেশ বিশ্ব বাণিজ্যের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪