বিশ্বে ৫৬ শতাংশ অস্ত্র রফতানি করে আমেরিকা এবং রাশিয়া
বিশ্বে গুরুত্বপূর্ণ অস্ত্র রফতানির ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়া তাদের শীর্ষ অবস্থান বজায় রেখেছে। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত এ পাঁচ বছরে বিশ্বের ৫৬ শতাংশ অস্ত্র রফতানি করেছে এ দুই দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বা সিপিআরআই আজ(সোমবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।
এ ছাড়া, গত পাঁচ বছরে বিশ্বে অস্ত্র রফতানি প্রতিযোগিতায় শীর্ষ অবস্থান বজায় রেখেছে আমেরিকা। রফতানি করা অস্ত্রের দুই তৃতীয়াংশরই অংশিদার দেশটি। ২০০৭ থেকে ২০১১ সালের তুলনায় মার্কিন অস্ত্র রফতানি ২১ শতাংশ বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ সব অস্ত্রের প্রায় অর্ধেকেই রফতানি হয়েছে মধ্যপ্রাচ্যে।
বিশ্বে অন্তত ১০০টি দেশে অস্ত্র রফতানি করে আমেরিকা। বিশ্বের আর কোনো দেশ একক ভাবে এতোগুলো দেশে অস্ত্র রফতানি করে না। এদিকে বিশ্ব অস্ত্র বাজারের ২৩ শতাংশ বা প্রায় এক চতুর্থাংশ রয়েছে রাশিয়ার আওতায়। চীন, ভিয়েতনাম, ভারত এবং আলজেরিয়া হলো রুশ অস্ত্রের প্রধান ক্রেতা। প্রায় ৭০ শতাংশ রুশ অস্ত্র এ সবে দেশে রফতানি হয়েছে।
এ ছাড়া, বিশ্বে অস্ত্র রফতানিকারি শীর্ষস্থানীয় আর তিনটি দেশ হলো, চীন, ফ্রান্স এবং জার্মানি। গত ১০ বছরে বিশ্বে চীনের অস্ত্র রফতানি ৩.৮ থেকে বেড়ে ৬.২ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া, একই সময়ে বিশ্বের ফ্রান্সের অস্ত্র রফতানির পরিমাণ ৬ এবং জার্মানির ৫.৬ শতাংশ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০