ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার পেলেন মুস্তাফিজ-মিরাজ, সেরা অধিনায়ক কোহলি
-
মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও বিরাট কোহলি
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার রাতে ক্রিকইনফো নিজেদের ওয়েবসাইটে ২০১৬ সালের সেরা খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে। দশমবারের মতো ঘোষিত বর্ষসেরা পুরস্কারের জন্য এবার ১২টি ক্যাটাগরিতে ৯৫ জন ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছিল ক্রিকইনফো। সেখান থেকে দুই নারী ক্রিকেটারসহ ১২ জনকে পুরস্কার দেয়া হয়।
সেরা টি-টোয়েন্টি বোলার মুস্তাফিজ
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে কোলকাতার ইডেন গার্ডেনে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ড ১৪৫ রানে অলআউট হয়। মুস্তাফিজ নেন ২২ রানে ৫ উইকেট। ওই বিধ্বংসী স্পেলের কারণেই নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে হারিয়ে মুস্তাফিজ জিতেছেন এই পুরস্কার। মুস্তাফিজ গত বছর সেরা অভিষিক্তের সম্মান পেয়েছিলেন।
সেরা অভিষিক্ত ক্রিকেটার মিরাজ
গত বছর অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের ১৯ বছর বয়সী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। দুই ম্যাচের ওই সিরিজে বল হাতে রীতিমতো ভেল্কি দেখিয়েছিলেন মিরাজ। শেষ পর্যন্ত দুটি টেস্টে ১৫.৬৩ গড়ে ১৯ উইকেট নেন তিনি। এই নৈপুণ্যের সুবাদে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব সঙ্গী হয় বাংলাদেশের। ইংল্যান্ড সিরিজের ওই নৈপুণ্যের সুবাদেই ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা অভিষিক্ত টেস্ট ক্রিকেটারের পদক উঠেছে মিরাজের হাতে। ভারতের জসপ্রিৎ বুমরাহ, ট্রিপল সেঞ্চুরিয়ান করুণ নায়ার, দক্ষিণ আফ্রিকার স্টিফেন কুকের মতো ক্রিকেটারদের পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন মিরাজ।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। বাংলাদেশ তাঁর নেতৃত্ব পৌঁছে যায় সেমিফাইনালে। ওই আসরের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি।
অন্যান্য ক্যাটাগরিতে সেরা পুরস্কারপ্রাপ্তরা হলেন:
সেরা টেস্ট ব্যাটসম্যান বেন স্টোকস
ক্রিকইনফোর দৃষ্টিতে টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যান হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রানের নজরকাড়া ইনিংস খেলেন স্টোকস। দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদার তোপে ১৬৭ রানে ৪ উইকেট পড়ে যায় কুকের দলের। এরপর ৬ নম্বরে নামেনস্টোকস। যখন আউট হন, তখন স্কোর বোর্ডে ছিল ৬ উইকেটে ৬২২!
সেরা টেস্ট বোলার স্টুয়ার্ট ব্রড
সেরা টেস্ট বোলার হয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে ৬ উইকেট নেন তিনি। ওই স্পেলের জন্য স্বীকৃতি পান তিনি।
ওয়ানডেতে সেরা ব্যাটসম্যান ডি কক
ওয়ানডে ফরম্যাটে সেরা ব্যাটসম্যান হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭৮ রান করে থেমেছিলেন তিনি। ক্রিকইনফোর চোখে ওই ইনিংসটাই ছিল সেরা।
সেরা ওয়ানডে বোলার সুনীল নারাইন
ওয়ানডে ফরম্যাটে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। গায়ানায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ রানে ৬ উইকেট নেন তিনি।
সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান ব্রাথওয়েট
সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। আর ওই আসরে একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন ব্রাথওয়েট। তবে ক্রিকইনফোর চোখে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪ রানে অপরাজিত থাকার ইনিংসটিই সেরা।
সেরা অধিনায়ক বিরাট কোহলি
সেরা অধিনায়কের মুকুট উঠেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মাথায়। গত বছর ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ভারত ১২টি টেস্ট খেলে ৯টিতে জিতেছে, ড্র করেছে তিনটি। একটিও হারেনি! শুধু তাই নয়, বিরাট কোহলি ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে বর্ষসেরা ব্যাটসম্যান পুরস্কারও পেয়েছেন। টেস্টে তার রানের গড় ৬২.৪৬, ওয়ানডেতে ৯২.৩৭ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ১০৬.৮৩ রান।
সহযোগী দেশগুলোর মধ্যে সেরা ব্যাটসম্যান হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, সেরা বোলার হয়েছেন একই দেশের মোহাম্মদ নবী। এছাড়া, এবারই প্রথম দুই নারী ক্রিকেটার সেরা ব্যাটিং ও বোলিং পারফরমার পুরস্কার পেয়েছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫