মিথ্যাচার ও জালিয়াতি বন্ধ করুন: সিএনএনকে রাশিয়া
-
মারিয়া যাখারোভা
মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন রাশিয়ার পররারাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা। ওই সাক্ষাৎকারে আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে আলাপ করতে চেয়েছিলেন নিউজ চ্যানেলটির সাংবাদিক।
কিন্তু যাখারোভা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করার পাশাপাশি তার ভাষায় ‘মিথ্যা ও ভুয়া খবর’ প্রচার বন্ধ করার জন্য সিএনএনের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি সিএনএন এক খবরে জানায়, আমেরিকার বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তারা রুশ রাষ্ট্রদূত কিসলিয়াককে একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা হিসেবে অভিহিত করে বলেছেন তিনি একইসঙ্গে বহু গুপ্তচর নিয়োগও দিয়েছেন।
বৃহস্পতিবার মস্কোয় এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন যাখারোভা। ওই সংবাদ সম্মেলনে সিএনএনের সাংবাদিক উপস্থতি থাকলেও কোনো প্রশ্ন করেননি। তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর ওই সাংবাদিক যাখারোভার সঙ্গে কথা বলতে চান। কিন্তু রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
তিনি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, তার দেশের একজন রাষ্ট্রদূতকে গুপ্তচর বলে চরম ধৃষ্ঠতার পরিচয় দিয়েছে সিএনএন। এ সময় ওই সাংবাদিক যাখারোভাকে একথা বোঝানোর চেষ্টা করেন যে, এ অভিযোগ নিউজ চ্যানেলটির পক্ষ থেকে নয় বরং মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে করা হয়েছে।
এর জবাবে যাখারোভা বলেন, ‘মিথ্যা ও ভুয়া খবর’ প্রচার বন্ধ করুন। সিএনএনের প্রতি এটি আমাদের একটি ভালো উপদেশ। ধন্যবাদ।”#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩