আফগান সীমান্তে পাকিস্তানি ৩ নিরাপত্তা চৌকিতে 'সন্ত্রাসী' হামলা: ৫ সেনা নিহত
আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে 'সন্ত্রাসীদের' সঙ্গে সংঘর্ষে পাঁচ পাক সেনা ও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। গতরাতে (রোববার) আফগান সীমান্তবর্তী তিন পাকিস্তানি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসীদের চালানো হামলার পর এ সংঘর্ষ হয়েছে বলে পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, উপজাতি অধ্যুষিত মোহাম্মদ এজেন্সির তিন নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর পর প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়। এতে পাঁচ পাক সেনা ও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।
এ দিকে, পাক সেনাদের তৎপরতার প্রশংসা করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল জাভেদ কামার। তিনি বলেন, সন্ত্রাসীরা হলো অভিন্ন সমস্যা এবং সীমান্ত দিয়ে তাদের অবাধ চলাচল বন্ধ করতে হবে। পাকিস্তানের মতো একই ধরণের তৎপরতা আফগানিস্তানকে গ্রহণ করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সীমান্তে সেনা উপস্থিতি বজায় রাখতে কাবুলের প্রতি আহ্বানও জানান পাক সেনা প্রধান। এ ছাড়া, পাকিস্তানি সেনাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।
পাক-আফগান দ্বিক্ষীয় সম্পর্ক নিয়ে যখন মারাত্মক টানাপড়েন চলছে তখন নতুন করে দুই দেশের সীমান্তে এ ঘটনা ঘটল।#
পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/৬