‘রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সম্ভাব্য পরমাণু হামলার পরিস্থিতি তৈরি হয়েছে’
-
পোল্যান্ডে মোতায়েন মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র(ফাইল ছবি)
রাশিয়ার জেনারেল স্টাফের উপপ্রধান জেনারেল ভিক্টর পোজনিখির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সম্ভাব্য পরমাণু হামলার পরিস্থিতি তৈরি হয়েছে। ইউরোপে আমেরিকার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা বা এবিএম মোতায়েন এবং রুশ সীমান্তের কাছে মার্কিন যুদ্ধজাহাজের টহলের মধ্য দিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। শীর্ষস্থানীয় রুশ কমান্ডার আরো বলেন, বিশ্ব জুড়ে আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নতুন অস্ত্র প্রতিযোগিতা উসকে দিয়েছে। আলাস্কা, রোমানিয়া এবং পোল্যান্ডে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রুশ পরমাণু প্রতিরক্ষা সক্ষমতাকে ঝামেলায় ফেলে দিয়েছে বলেও জানান তিনি।
২০২০ সালের মধ্যে আমেরিকার ভাণ্ডারে অন্তত এক হাজার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জমা হবে। এ গুলো রুশ ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য বাস্তব বিপদ হয়ে দেখা দেবে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, এবিএম ব্যবস্থা মোতায়েন অব্যাহত রাখায় পরমাণু হ্রাস সংলাপকে খুবই সীমাবদ্ধ অবস্থার মধ্যে ফেলে দিয়েছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে রুশ কমান্ডার।
কৃষ্ণ সাগরে টহলে নিয়োজিত রুশ নৌবাহিনীর রণতরীগুলোও রাশিয়ার জন্য সম্ভাব্য হুমকি হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, এসব রণতরী কি ধরণের ক্ষেপণাস্ত্র বহন করছে তা পরিষ্কার ভাবে জানা যায় না।#
পার্সটুডে/মূসা রেজা/২৮