প্রয়োজনে আবার সিরিয়ায় সামরিক অভিযান চালাবে তুরস্ক: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i35456-প্রয়োজনে_আবার_সিরিয়ায়_সামরিক_অভিযান_চালাবে_তুরস্ক_প্রতিরক্ষামন্ত্রী
সিরিয়ায় নিজের সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করার পরও আবার দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে তুরস্ক। আঙ্কারা দাবি করেছে, সামরিক অভিযান শেষ করার অর্থ তুরস্কের বিরুদ্ধে সব হুমকি শেষ হয়ে যাওয়া নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০১, ২০১৭ ১৩:০৪ Asia/Dhaka
  • ফিকরি ইসিক
    ফিকরি ইসিক

সিরিয়ায় নিজের সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করার পরও আবার দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে তুরস্ক। আঙ্কারা দাবি করেছে, সামরিক অভিযান শেষ করার অর্থ তুরস্কের বিরুদ্ধে সব হুমকি শেষ হয়ে যাওয়া নয়।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক এ ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি সৃষ্টি হলে সেটি নির্মূল না হওয়া পর্যন্ত আবার অভিযান চালাতে দ্বিধা করবে না আঙ্কারা।

এর আগে বুধবার তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সিরিয়ার ভূমিতে তার দেশের সামরিক অভিযান ‘ইউফ্রেটিস শিল্ড’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছিলেন।  অভিযান শেষ হওয়ার ফলে সিরিয়া থেকে তুর্কি সেনা প্রত্যাহার করা হবে কিনা সে সম্পর্কে তুরস্কের প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি।

এ সম্পর্কে ইসিক আরো বলেন, ইউফ্রেটিস শিল্ড অভিযান শেষ হওয়ার অর্থ এই নয় যে, তুরস্কের বিরুদ্ধে সব হুমকি চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। এ অভিযানে সিরিয়ার ২,০০০ বর্গকিলোমিটার এলাকা থেকে দায়েশকে নির্মূল করা হয়েছে বলে তিনি দাবি করেন।

২০১৬ সালের আগস্টে দামেস্কের অনুমতি ছাড়াই সিরিয়ার অভ্যন্তরে সেনা ও ট্যাংক পাঠায় তুরস্ক।  সিরিয়া-তুর্কি সীমান্তে তৎপর দায়েশ সন্ত্রাসীদের দমন করতে ওই সেনা পাঠানোর দাবি করে আঙ্কারা। কিন্তু সিরিয়া সরকার এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বহুবার তুর্কি সেনা প্রত্যাহারের জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১