রাশিয়ার কাছ থেকে ‘সুখোই’ যাত্রীবাহী বিমান কিনছে ইরান
https://parstoday.ir/bn/news/world-i35494-রাশিয়ার_কাছ_থেকে_সুখোই’_যাত্রীবাহী_বিমান_কিনছে_ইরান
রাশিয়া বলেছে, ইরান দেশটির কাছ থেকে ১২টি সুখোই সুপারজেট যাত্রীবাহী বিমান কিনবে। এরইমধ্যে এ সংক্রান্ত চুক্তি ‘চূড়ান্ত’ হয়ে গেছে বলে জানিয়েছেন রুশ জ্বালানীমন্ত্রী আলেক্সান্ডার নোভাক।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ০২, ২০১৭ ০৪:২১ Asia/Dhaka
  • রাশিয়ার কাছ থেকে ‘সুখোই’ যাত্রীবাহী বিমান কিনছে ইরান

রাশিয়া বলেছে, ইরান দেশটির কাছ থেকে ১২টি সুখোই সুপারজেট যাত্রীবাহী বিমান কিনবে। এরইমধ্যে এ সংক্রান্ত চুক্তি ‘চূড়ান্ত’ হয়ে গেছে বলে জানিয়েছেন রুশ জ্বালানীমন্ত্রী আলেক্সান্ডার নোভাক।

তিনি বলেছেন, গত ১৮ মাস ধরে ১০০ আসনবিশিষ্ট এই বিমান বিক্রির জন্য মস্কোর সঙ্গে তেহরানের আলোচনা হয়েছে। আপাতত ১২টি বিমান কেনার জন্য ইরান চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান নোভাক।

রুশ মন্ত্রী বলেন, শিগগিরই ইরানের কাছে আরো ১৮টি বিমান বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে। এ ছাড়া, ইরান মোট ১০০টি সুখোই যাত্রীবাহী বিমান কিনতে আগ্রহী বলেও তিনি জানান।

রাশিয়ার গণমাধ্যম গত ডিসেম্বরে খবর দিয়েছিল, দেশটির বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান ‘সুখোই’ ইরানের কাছে ১০০ আসনবিশিষ্ট যাত্রীবাহী বিমান বিক্রি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে।

ইরানের আসেমান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান (ফাইল ছবি)

এর আগে ইরানের বেসরকারি ‘আসেমান’ এয়ারলাইন্সের প্রধান হোসেইন আলায়ি বলেছিলেন, তার সংস্থার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে রাশিয়ার সুখোইসহ আরো কিছু আন্তর্জাতিক বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরো জানান, তার এয়ারলাইন্সের আমন্ত্রণে সুখোই কোম্পানির একটি যাত্রীবাহী বিমান ২০১৬ সালে ইরান ভ্রমণে এসেছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২