ফ্রান্সের কৌশলগত সামরিক পরিবহন নির্ভর করছে রাশিয়ার ওপর
ফ্রান্সের রাফেল যুদ্ধবিমানকে মধ্য আকাশে জ্বালানি ভরার জন্য পুরোপুরি মার্কিন বিমান ট্যাংকারের ওপর নির্ভর করতে হয়। আর দেশটির কৌশলগত সামরিক পণ্য পরিবহনের জন্য রাশিয়া এবং ইউক্রেনের ওপর নির্ভর করতে হয়। ফরাসি সংসদ সদস্য ফ্রানকোয়েস করনাট-গেনটিলি এসব তথ্য দিয়েছেন।
ফরাসি সংসদের নিম্নকক্ষের বাজেট অধিবেশন সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব তথ্য দেন তিনি। তিনি আরো বলেন, এ নির্ভরতার কারণে বিশেষ পরিস্থিতিতে ফরাসি সামরিক বাহিনীর চলাচলের সুযোগ সীমিত হয়ে পড়বে। তিনি আরো বলেন, আগামী তিন মাস বা দু’বছর পরে আমেরিকা কি সিদ্ধান্ত নেবে তা ফ্রান্সের একেবারেই জানা নেই।
অবশ্য তার দেয়া তথ্যকে পরোক্ষ ভাবে নিশ্চিত করেন ফরাসি সেনাবাহিনীর মুখপাত্র। তিনি একে বিদেশের ওপর ফ্রান্সের নির্ভরতা না বলে বরং মিত্রদের সঙ্গে সহযোগিতা এবং সামরিক সম্পদের পারস্পারিক ব্যবহার হিসেবে অভিহিত করেন।
এ ছাড়া, সামরিক কৌশলগত পণ্য পরিবহনের জন্য ফ্রান্সকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন ফ্লাইট ইউনিট ২২৪, রুশ বেসরকারি মালিকানাধীন ভোলগা-দানেপার, এবং ইউক্রেনের বেসরকারি মালিকানাধীন অ্যান্তোভ এয়ারলাইন্স কোম্পানির ওপর নির্ভর করতে হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২