‘সিরিয়ায় সামরিক অভিযানের বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প’
সিরিয়ায় চলতি সপ্তাহের রাসায়নিক হামলার জের ধরে দেশটিতে সামরিক হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভবিষ্যতে সিরিয়াকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো ভূমিকা থাকবে না বলেও মনে করছেন ওয়াশিংটন।সিএনএন'সহ আরো কিছু মার্কিন গণমাধ্যম এ খবর দিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, মঙ্গলবারের হামলার পরিপ্রেক্ষিতে আসাদের ব্যাপারে ‘কিছু একটা করতে হবে।’ তিনি সাংবাদিকদের বলেন, “আসাদ একটি ভয়ানক কাজ করেছেন। আমার মতে এটি একটি গুরুতর অপরাধ। এটি হওয়া উচিত ছিল না। এটি হতে দেয়া উচিত হয়নি।”
এ ছাড়া, ডোনাল্ড ট্রাম্প কয়েকজন কংগ্রেস সদস্যকে উদ্দেশ করে আলাদা এক বক্তব্যে বলেন, রাসায়নিক হামলার জের ধরে তিনি সিরিয়ায় সামরিক অভিযান চালানোর বিষয়টি নিয়ে ভাবছেন।
মার্কিন কর্মকর্তারা সিএনএনকে বলেছেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের গুদামগুলোতে হামলা চালানোর জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর কয়েকটি পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করেছে।
মঙ্গলবার ইদলিব প্রদেশের খান শাইখুন শহরে সন্দেহভাজন রাসায়নিক হামলায় অন্তত ৮০ ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে ২৭ শিশু ছিল বলে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে। আমেরিকা ও তার মিত্ররা এ হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করেছে। তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও সতর্ক করে দিয়ে বলেছেন, আসাদকে ক্ষমতা ত্যাগ করতেই হবে। একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া আমেরিকার অগ্রাধিকারভিত্তিক কাজ হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭