‘সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে যুদ্ধ করতে চায় না রাশিয়া’
রাশিয়া বলেছে, সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা মস্কোর নেই। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দামেস্কের সামরিক বাহিনীকে সমর্থন অব্যাহত থাকবে।
রুশ সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা এবং নিরাপত্তা কমিটির প্রধান ভিক্তর ওজেরভ এসব কথা বলেছেন। মার্কিন দুই যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার একটি বিমান ঘাঁটির ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক দিনের মধ্যেই এ বক্তব্য দিলেন তিনি।
তিনি বলেন, সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ইচ্ছা রাশিয়ার নেই। বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের সিরিয় সেনা বাহিনীকে সহায়তা করার দায়িত্ব রুশ বাহিনীর ওপর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, সিরিয়ার বিরুদ্ধে মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে রুশ সংসদের নিম্নকক্ষ দুমা। পাশাপাশি সার্বভৌম দেশের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ বা প্রয়োগের হুমকি থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে দুমা।#
পার্সটুডে/মূসা রেজা/১১