সিরিয়ায় রাসায়নিক অস্ত্র নেই বা এ অস্ত্র ব্যবহারের প্রয়োজনও নেই : রাশিয়া
রাশিয়ার জেনারেল স্টাফ বলেছে, সিরিয়ার সেনাবাহিনীর কোনো রাসায়নিক অস্ত্র নেই বা এ ধরণের অস্ত্র ব্যবহারেরও কোনো প্রয়োজন নেই।
রুশ জেনারেল স্টাফের অপারেশন বিভাগের প্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কি সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি আরো বলেন, সিরিয়ার সন্ত্রাসীরা একের পর এক পরাজয়ের মুখে পড়ছে। এ ছাড়া, সন্ত্রাসীরা এক সময়ে যে সব এলাকা নিয়ন্ত্রণ করেছিল সে সব এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। যুদ্ধের এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি।
এ ছাড়া, ইদলিবের খান শেইখোনে চলতি মাসের ৪ তারিখের ঘটনার বিস্তারিত তদন্তও দাবি করেন তিনি। কথিত রাসায়নিক হামলার ঘটনার পেছনে সিরিয়া রয়েছে বলে যে অভিযোগ আমেরিকা এবং পশ্চিমারা করছে তা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে বলে জানান তিনি।
কথিত হামলার বিষয়ে কোনো কোনো সংবাদ মাধ্যমে যে সব তথ্য প্রকাশিত হয়েছে তার যথার্থতা নিয়েও গভীর সন্দেহ রয়েছে। তিনি বলেন, কেবল রুশ সেনাবাহিনীই এ সন্দেহ পোষণ করছে না বরং অনেক খ্যাতনামা বিশেষজ্ঞ এবং সংস্থাও এ বিষয়ে সন্দেহ পোষণ করছে।
সিরিয়ার যে ঘাঁটি থেকে রাসায়নিক হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে যেখানে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা বা ওপিসিডব্লিউ পরিচালিত তদন্তের জন্য বিশেষজ্ঞ দিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা ভালভাবেই জানেন যে রাসায়নিক অস্ত্রের চিহ্ন পুরোপুরি মুছে ফেলা একেবারেই অসম্ভব এ কথাও উল্লেখ করেন তিনি। এ ছাড়া, সিরিয়া সরকার আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা বা ওপিসিডব্লিউ বিশেষজ্ঞদের ঘাঁটিতে ঢুকতে দিতে রাজী রয়েছে বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১২