রুশ বোমারু বিমানের গতিরোধ করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i36456-রুশ_বোমারু_বিমানের_গতিরোধ_করল_আমেরিকা
আলাস্কা উপকূলে দুটি রুশ বোমারু বিমানের গতিরোধ করেছে মার্কিন সেনাবাহিনী। সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যখন উত্তেজনা চলছে তখন পেন্টাগনের কর্মকর্তারা এ তথ্য জানালেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১৯, ২০১৭ ০২:৩২ Asia/Dhaka
  • আমেরিকার একটি এফ-২২ র‌্যাপ্টার জঙ্গিবিমান (ফাইল ছবি)
    আমেরিকার একটি এফ-২২ র‌্যাপ্টার জঙ্গিবিমান (ফাইল ছবি)

আলাস্কা উপকূলে দুটি রুশ বোমারু বিমানের গতিরোধ করেছে মার্কিন সেনাবাহিনী। সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যখন উত্তেজনা চলছে তখন পেন্টাগনের কর্মকর্তারা এ তথ্য জানালেন।

পেন্টাগনের মুখপাত্র গ্যারি রস জানিয়েছেন, মার্কিন বিমান বাহিনীর দু’টি 'এফ-২২ র‌্যাপ্টর' জঙ্গিবিমান রাশিয়ার এক জোড়া 'টিইউ-৯৫' বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে। আলাস্কার  কোডিয়াক দ্বীপ থেকে ১৬০ কিলোমিটার দূরে সোমবার এ ঘটনা ঘটে।

এ সময় আমেরিকার জঙ্গিবিমানগুলো রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানগুলোকে প্রায় ১২ মিনিট পাহারা দিয়ে নিয়ে যায়। এরপর রুশ বিমানগুলো গতিপথ পরিবর্তন করে রাশিয়ার পূর্বাঞ্চলে নিজ ঘাঁটির দিকে ফিরে যায় বলে পেন্টাগনের মুখপাত্র দাবি করেন।

রস বলেন,  ‘নিরাপদ ও পেশাদারি’ মনোভাব নিয়ে রুশ বিমানগুলোর গতিপথ আটকে দেয়া হয়েছে এবং আন্তর্জাতিক রীতিনীতি বজায় রেখেই মার্কিন আকাশসীমা নিরাপদ রাখা সম্ভব হয়েছে। পেন্টাগনের মুখপাত্র বলেন, গতিরোধের শিকার রুশ বোমারু বিমানগুলো পারমাণবিক বোমা বহন করতে সক্ষম হলেও ঘটনার সময় এগুলো নিরস্ত্র ছিল।

রুশ বোমারু বিমানের গতিপথ রোধের এ খবরের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯