মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আফগানিস্তানে: আবারো হামলা হলো সামরিক ঘাঁটিতে
-
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিস
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিস কোনো পূর্ব-ঘোষণা ছাড়াই আজ (সোমবার) আফগানিস্তানে পৌঁছেছেন। তার এই আকস্মিক সফরের একই দিনে দেশটির একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলা হয়েছে।
আফগানিস্তান নিয়ে প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের কৌশল নির্ধারণের অংশ হিসেবে এ সফর করছেন ম্যাথিস। তার সফরের দিনেই আফগান প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি এবং সেনাপ্রধান কদম শাহ শাহিম পদত্যাগ করেন।
গত শুক্রবার বলখ প্রদেশের মাজার-ই-শরীফ শহরের সেনাঘাঁটিতে তালেবান হামলাকে কেন্দ্র করে তারা পদত্যাগ করেন। তালেবানের এ হামলায় অন্তত ১৪০ সেনা নিহত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এমন মারাত্মক হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, খোস্ত প্রদেশে একটি সামরিক ঘাঁটির কাছে আজও বোমা হামলা হয়েছে। অবশ্য এ হামলায় এখনো হতাহতের কোনো বিবরণ পাওয়া যায় নি।
আফগানিস্তানে বর্তমানে নয় হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে। ওয়াশিংটন দাবি করছে, গোটা আফগানিস্তানে নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এ সব সেনা দেশটিতে রয়েছে বলে দাবি করছে আমেরিকা। এ বাহিনী সেখানে মূলত প্রশিক্ষণ এবং উপদেষ্টার দায়িত্ব পালন করছে বলেও আমেরিকা দাবি করছে।
মার্কিন এ বাহিনীর দায়িত্ব পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। কথিত প্রশিক্ষণ ও উপদেষ্টার দায়িত্ব পালনের বদলে সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি হামলায় মার্কিন সেনাদের নামানোর পরিকল্পনা চলছে।
চলতি মাসে আফগানিস্তানে ‘সব বোমার জননী’ মোয়্যাব বা এমওএবি নামে পরিচিত জিবিইউ-৪৩/বি ফেলার মাধ্যমে মার্কিন বাহিনীর দায়িত্ব পরিবর্তনের আভাষ পাওয়া গেছে। পাকিস্তান সীমান্তবর্তী নানগারহার প্রদেশে এ বোমা ফেলা হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২৪