তদন্তের স্বার্থে অভিযান বন্ধ রাখবে সিরিয়া: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/world-i36802-তদন্তের_স্বার্থে_অভিযান_বন্ধ_রাখবে_সিরিয়া_রুশ_প্রতিরক্ষা_মন্ত্রণালয়
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শাইখুন শহরে সন্দেহভাজন রাসায়নিক হামলার ব্যাপারে তদন্ত শুরু হলে ওই শহরের আশপাশে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধ রাখবে দেশটির সেনাবাহিনী। এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৫, ২০১৭ ০২:৫৭ Asia/Dhaka
  • খান শাইখুনে সন্দেহভাজন রাসায়নিক হামলায় নিহতদের দাফন করছেন একদল মাস্কবিহীন সিরিয় নাগরিক
    খান শাইখুনে সন্দেহভাজন রাসায়নিক হামলায় নিহতদের দাফন করছেন একদল মাস্কবিহীন সিরিয় নাগরিক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শাইখুন শহরে সন্দেহভাজন রাসায়নিক হামলার ব্যাপারে তদন্ত শুরু হলে ওই শহরের আশপাশে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধ রাখবে দেশটির সেনাবাহিনী। এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, খান শাইখুন শহরে গত ৪ এপ্রিলের ঘটনা তদন্তে যদি সেখানে বিশেষজ্ঞ দল পাঠানো হয় তবে শহরটিতে অভিযান বন্ধ রাখতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড।

খান শাইখুনে ৪ এপ্রিলের কথিত রাসায়নিক হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করে ৭ এপ্রিল দেশটির হোমস প্রদেশের একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা।

এর আগে গত ১৩ এপ্রিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেছিলেন, তারা মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে বৈধতা দিতে রাসায়নিক হামলার ব্যাপারে তদন্ত করতে রাজি হচ্ছে না।

১৩ এপ্রিলের যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

মস্কো সফরকারী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার শিকার বিমান ঘাঁটির পাশাপাশি খান শাইখুন শহরেও স্বচ্ছ, নিরপেক্ষ এবং পেশাদার তদন্ত চালাতে হবে।

ওয়াশিংটন দাবি করেছে, আশ-শাইরাত নামের ওই বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে সিরিয়ার জঙ্গিবিমানগুলো খান শাইখুনে রাসায়নিক হামলা চালিয়েছে। কিন্তু সিরিয়া সরকার ওই রাসায়নিক হামলায় নিজের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, খান শাইখুনে হামলার পর যেসব ত্রাণকর্মীকে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে তারা রাসায়নিক গ্যাস বিরোধী মাস্ক পরেননি। এ কারণে আদৌ সেখানে রাসায়নিক হামলা হয়েছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫