ভারতীয় ধনকুবের ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে বিতর্কে নওয়াজ
-
নওয়াজ শরীফ এবং ভারতীয় ধনকুবের ব্যবসায়ী সাজান জিনদাল
ভারতীয় ধনকুবের ব্যবসায়ী সাজান জিনদাল গোপনে পাকিস্তান সফর করছেন এবং শৈল নিবাস মুরিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ নিয়ে দেশটিতে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নতুন করে বিতর্কের মুখে পড়েছেন নওয়াজ।
পাকিস্তানের অনেক রাজনীতিবিদ এবং বিশ্লেষক ধারণা করছেন, নওয়াজের সঙ্গে অদূর ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে পর্দার আড়ালের কূটনীতির অংশ হিসেবে এ সফর করেন জিনদাল। কাজাখিস্তানের রাজধানী আস্তানায় জুনে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও’র শীর্ষ সম্মেলনের অবকাশে এ বৈঠক হতে পারে। আসন্ন সম্মেলনে পাকিস্তান ও ভারত উভয়কে এসসিও’র পূর্ণ সদস্যপদ দেয়া হবে।
জিনদালের সঙ্গে মোদির ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পাশাপাশি নওয়াজের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে পাকিস্তান সফর করা জিনদালের পক্ষে সম্ভব নয়।
কিন্তু জিনদালের সফর এবং তার সঙ্গে নওয়াজের বৈঠককে গোপন রাখায় দেশটির কোনো কোনো বিরোধী রাজনৈতিক নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পাকিস্তানের কোনো কোনো বেসরকারি নিউজ চ্যানেল কথিত এই গোপন বৈঠকের খবর প্রচার করেছে। অবশ্য এ নিয়ে সরকারি ভাবে কিছু বলা হয় নি। তবে এ সংক্রান্ত টুইট বার্তায় প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম নওয়াজ বলেন, নওয়াজের পুরানো বন্ধু মি. জিনদাল। বৈঠক নিয়ে ‘গোপন’ করার কিছু নেই এবং এ নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে কিছু বলাও ঠিক নয়।
এদিকে এ বৈঠককে কেন্দ্র করে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নিন্দা প্রস্তাব এনেছে দেশটির সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই।
পার্সটুডে/মূসা রেজা/২৮