ইরানকে আঘাতের অর্থ হচ্ছে পাকিস্তানকে আঘাত করা: নওয়াজ শরীফ
-
জারিফ (বামে) ও নওয়াজ (ডানে)
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ইরানকে আঘাতের অর্থ হচ্ছে পাকিস্তানকে আঘাত করা। ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। নওয়াজ শরীফ এ সময় সীমান্তে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় কয়েকজন ইরানি সীমান্তরক্ষীর শাহাদাতের জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, সীমান্তে মর্মান্তিক সন্ত্রাসী হামলার তদন্তে দুই দেশ সব ধরনের সহযোগিতা করবে।
এ সময় জাওয়াদ জারিফ বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্কের গুরুত্ব রয়েছে এবং এ কারণে পাকিস্তানের উচিত হবে সীমান্তে নিরাপত্তা বাহিনীর জোরালো উপস্থিতি নিশ্চিত করে যৌথ সীমান্তের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দেওয়া।
তিনি আরও বলেন, ইরানের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা থেকে এটা স্পষ্ট যে, তেহরান ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের কারণে বিজাতীয়রা অসন্তুষ্ট।
দুই দেশের সম্পর্কের বিরোধীরা এর পেছনে থাকতে পারে বলে তিনি ইঙ্গিত করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪