পাকিস্তানে ‘অস্বাভাবিক ঘটনা’: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ!
https://parstoday.ir/bn/news/world-i37362-পাকিস্তানে_অস্বাভাবিক_ঘটনা’_প্রধানমন্ত্রীর_বিরুদ্ধে_পুলিশের_কাছে_অভিযোগ!
পাকিস্তানের পুলিশ দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে একটি অভিযোগ লিপিবদ্ধ করেছে। দেশটির সংবাদ মাধ্যম এ ঘটনাকে 'অস্বাভাবিক' হিসেবে অভিহিত করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ০৫, ২০১৭ ১০:০৬ Asia/Dhaka
  • পাকিস্তানে ‘অস্বাভাবিক ঘটনা’: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ!

পাকিস্তানের পুলিশ দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে একটি অভিযোগ লিপিবদ্ধ করেছে। দেশটির সংবাদ মাধ্যম এ ঘটনাকে 'অস্বাভাবিক' হিসেবে অভিহিত করেছে।

অভিযোগে দাবি করা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে দেশের মানুষকে উস্‌কে দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী। খবরে বলা হয়েছে, এফআইআর হিসেবে নয় বরং পুলিশ ডায়রিতে দৈনন্দিন ঘটনা হিসেবে এটি লিপিবদ্ধ করা হয়েছে। স্থানীয়ভাবে একে রোজনামচা বলা হয়।

আই.এম পাকিস্তান নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ মির্জা পুলিশের কাছে এক পাতার অভিযোগ লিপিবদ্ধ করেছেন। রাজনৈতিক দলটিকে পাকিস্তানের নির্বাচন কমিশনে নিবন্ধন করা হয়েছে বলে দলীয় সূত্র থেকে দাবি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, হোয়াটস অ্যাপে প্রচারিত একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, নওয়াজ শরীফ ভাষণের মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করছেন এবং পাকিস্তানের মানুষকে উস্‌কে দিচ্ছেন। এতে নওয়াজের বিরুদ্ধে মামলা করার আর্জি জানিয়েছেন অ্যাডভোকেট ইশতিয়াক। অভিযোগ দাখিল করার পর পুলিশ তা প্রতিবেদন হিসেবে লিপিবদ্ধ করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/৫