ফ্রান্সের নির্বাচনে বিজয়ী হলেন ইইউপন্থী ইমানুয়েল ম্যাকরন
https://parstoday.ir/bn/news/world-i37494-ফ্রান্সের_নির্বাচনে_বিজয়ী_হলেন_ইইউপন্থী_ইমানুয়েল_ম্যাকরন
ফ্রান্সে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাকরন। তিনি উগ্র ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ফ্রান্সে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ৩৯ বছর বয়সী ম্যাকরন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০১৭ ২০:৪২ Asia/Dhaka
  • ফ্রান্সের নির্বাচনে বিজয়ী হলেন ইইউপন্থী ইমানুয়েল ম্যাকরন

ফ্রান্সে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাকরন। তিনি উগ্র ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ফ্রান্সে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ৩৯ বছর বয়সী ম্যাকরন।

আনুষ্ঠানিক প্রাথমিক ফলাফল স্থানীয় সময় রাত ৮টার সময় প্রকাশ করা হয়। এতে দেখা যায় ম্যাকরন ৬৫.৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে লে পেন পেয়েছেন মাত্র ৩৪.৫ শতাংশ। ম্যাকরনকে ফোন করে  অভিনন্দন জানিয়েছেন লে পেন। 

ইউরোপীয় ইউনিয়নপস্থী ম্যাকরনের বিজয়ের ব্যাপক প্রভাব গোটা মহাদেশটিতে পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিজয়ের পর ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ম্যাকরন বলেন, আজ (রোববার) সন্ধ্যায় ফরাসি দীর্ঘ ইতিহাসের একটি নতুন পাতা উন্মোচিত হচ্ছে। আশা এবং আস্থা আজ সন্ধ্যায় আবার ফিরে পাওয়া গেছে বলে জানান তিনি।

আজ কঠোর নিরাপত্তা মধ্য ফ্রান্সের নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র  করে নিরাপত্তা বাহিনীর ৫০ হাজার সদস্য গোটা ফ্রান্সে মোতায়েন করা হয়েছিল।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল। তা  রাত ৮টা পর্যন্ত চলেছে। নির্বাচনে বৈধ ভোটার সংখ্যা ছিল ৮ কোটি ৭০ লাখ। ভোট গ্রহণের জন্য গোটা ফ্রান্সে ৬৬ হাজার ৪৫৬ ভোট কেন্দ্র খোলা হয়েছিল।

এ ছাড়া, এক কোটি ৩০ লাখ প্রবাসী ফরাসি একদিন আগেই ভোট দেয়া শুরু করেছেন। নির্বাচনের আগে ম্যাকরনের ই-মেইল ফাঁস করে দেয়া হয়েছিল। ম্যাকরনের পক্ষ  থেকে অভিযোগ করা হয়েছে,  কম্পিউটারে হ্যাকিংয়ের মাধ্যমে তাদের হাজার হাজার ই-মেইল ফাঁস করে দেয়া হয়েছে।

প্রথম পর্বের নির্বাচনে ২৩ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে প্রথম হয়েছিলেন ম্যাকরন। লে পেন ২১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।#

পার্সটুডে/মূসা রেজা/৭