দায়েশের আফগান প্রধান নিহত: প্রেসিডেন্ট গনি
https://parstoday.ir/bn/news/world-i37498-দায়েশের_আফগান_প্রধান_নিহত_প্রেসিডেন্ট_গনি
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি জানিয়েছেন, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের আফগান প্রধান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এক যৌথ অভিযানে দায়েশ কমান্ডার আব্দুল হাসিব নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০১৭ ০১:১৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট আশরাফ গানি
    প্রেসিডেন্ট আশরাফ গানি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি জানিয়েছেন, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের আফগান প্রধান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এক যৌথ অভিযানে দায়েশ কমান্ডার আব্দুল হাসিব নিহত হয়।

যৌথ অভিযানে আফগান কমান্ডোদের পাশাপাশি মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নিয়েছে বলে জানান প্রেসিডেন্ট গনি।

গত ১৩ এপ্রিল আফগানিস্তানের যে ভূগর্ভস্থ টানেলে আমেরিকা সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল তার কাছাকাছি একটি এলাকায় আব্দুল হাসিবের অবস্থান শনাক্ত করে হামলা চালানো হয়।

এর আগে গত সপ্তাহে দায়েশের আফগান কমান্ডার হাসিবকে হত্যার এক ব্যর্থ চেষ্টা চালানো হয়। ওই অভিযানে দুই মার্কিন সেনা নিহত হয়।

আব্দুল হাসিব প্রায় এক বছর আগে দায়েশের পূর্বাঞ্চলীয় শাখা- 'আইএসআইএল-খোরাসানের' নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। তার পূর্বসূরি হাফিজ সাঈদ খান মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর দায়েশের কমান্ডার হয় আব্দুল হাসিব।

চলতি সপ্তাহের গোড়ার দিকে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তার দেশে দায়েশের উত্থানের জন্য মার্কিন সরকারকে দায়ী করেন। তিনি বলেন, নিজের তৈরি দায়েশ জঙ্গিদের সঙ্গে যোগসাজশ বজায় রেখেছে ওয়াশিংটন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮