মিশরে ইখওয়ান নেতা মোহাম্মাদ বাদিয়ির যাবজ্জীবন
https://parstoday.ir/bn/news/world-i37548-মিশরে_ইখওয়ান_নেতা_মোহাম্মাদ_বাদিয়ির_যাবজ্জীবন
মিশরের নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থি সংগঠন ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদিয়ি এবং দলের আরো দুই নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আপিল আদালত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০১৭ ০২:৪৬ Asia/Dhaka
  • আদালতের শুনানিতে বাদিয়ি
    আদালতের শুনানিতে বাদিয়ি

মিশরের নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থি সংগঠন ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদিয়ি এবং দলের আরো দুই নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আপিল আদালত।

২০১৩ সালে এক সেনা অভ্যুত্থানে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তী সহিংসতায় হাত থাকার অভিযোগ এনে তাদেরকে এই সাজা দেয়া হয়।

বাদিয়ির সঙ্গে অন্য যে দুই নেতা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তারা হলেন ইখওয়ানের মুখপাত্র মাহমুদ গোজলান এবং দলের গাইডেন্স ব্যুরোর সদস্য হোসাম আবুবকর।

২০১৩ সালে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজধানী কায়রোসহ সারাদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী জনতার ওপর নির্বিচারে গুলি চালায়।  এতে হাজার হাজার মানুষ নিহত হলেও এখন ওই বিক্ষোভ উস্কে দেয়ার অভিযোগে ইখওয়ান নেতাদের বিচার চলছে।

সেনা সরকারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে ২০১৫ সালের এপ্রিলে বাদিয়ি’সহ ১৪ জনের ফাঁসি এবং ৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল মিশরের নিম্ন আদালত।

কিন্তু আপিল আদালত সব ফাঁসির রায় বাতিল করে তিনজনকে যাবজ্জীবন, ২৭ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং ২১ জনকে বেকসুর খালাস দিয়েছে।

মোহাম্মাদ বাদিয়ির বিরুদ্ধে আদালতে অন্তত ৩৫টি মামলার শুনানি চলছে। এরইমধ্যে তার বিরুদ্ধে তিনটি মৃত্যুদণ্ডের আদেশ ঘোষিত হলেও সেসব মামলায় আপিল করার পর সে দণ্ড বাতিল করে পুনরায় মামলার শুনানি চলছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯