ইসরাইলের স্বার্থে করা হয়েছে সৌদি সম্মেলন: পাক সিনেট সদস্য
-
সাইয়্যেদ তাহির হোসেইন মাশহাদি
পাকিস্তান সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সাইয়্যেদ তাহির হোসেইন মাশহাদি বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্প্রতি অনুষ্ঠিত আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলন ছিল নিতান্তই অপ্রয়োজনীয় একটি সম্মেলন এবং মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য তা করা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষৎকারে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিনি ইস্যুটি সেখানে কোনো গুরুত্বই পায় নি বরং বিষয়টি সম্পুর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। কেউই নির্যাতিত ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশা নিয়ে কথা বলেন নি।”
সাইয়্যেদ তাহির হোসেইন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদ সম্মেলনে যোগ দিয়েছিলেন ইসরাইলের ‘বড় ভাই’ হিসেবে এবং অবৈধ ইসরাইল সরকারের স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। পাক সিনেটর বলেন, রিয়াদ সম্মেলন ছিল নিতান্তই একটা ‘শো পিস’ যার কোনো মূল্য, ফলাফল কিংবা সিদ্ধান্ত নেই।
সাইয়্যেদ তাহির বলেন, সৌদি আরব ও আমেরিকা যাতে বাণিজ্য চুক্তি করতে পারে সেজন্য রিয়াদ সম্মেলন করা হয়েছে; এর মাধ্যমে দুর্দশাগ্রস্ত মার্কিন অর্থনীতি চাঙ্গা হবে। তিনি জোর দিয়ে বলেন, এ অঞ্চলে সৌদি আরব, ইসরাইল ও আমেরিকার স্বার্থ এক এবং অভিন্ন। সম্মেলন অনুষ্ঠানের আরেকটি লক্ষ্যের কথা উল্লেখ করে পাকিস্তানের এ সিনেটর বলেন, ইরানকে একঘরে করা ছিল এ সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য যা একেবারেই অসম্ভব।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯