দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারল শ্রীলঙ্কা, ম্যাচ সেরা ইমরান তাহির
https://parstoday.ir/bn/news/world-i39340-দক্ষিণ_আফ্রিকার_কাছে_বড়_ব্যবধানে_হারল_শ্রীলঙ্কা_ম্যাচ_সেরা_ইমরান_তাহির
দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলার সেঞ্চুরি ও ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ের মুখে চ্যাম্পিয়ন্স ট্রপির তৃতীয় ম্যাচে ৯৬ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে শ্রীলংকা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ০৩, ২০১৭ ১৯:২৮ Asia/Dhaka
  • চার উইকেট নেন ইমরান তাহির
    চার উইকেট নেন ইমরান তাহির

দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলার সেঞ্চুরি ও ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ের মুখে চ্যাম্পিয়ন্স ট্রপির তৃতীয় ম্যাচে ৯৬ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে শ্রীলংকা।

লন্ডনের ওভালে টসে হেরে প্রথমে ব্যাট করে হাশিম আমলার দারুণ সেঞ্চুরিতে ২৯৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪১ ওভার ৩ বল খেলে ২০৩ রানে অলআউট হয়ে যায় লঙ্কান ব্যাটসম্যানরা। অবশ্য ৩০০ রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করেছিল শ্রীলঙ্কা। দুই ওপেনার নিরোশান ডিকওয়েলা (৪১) ও উপুল থারাঙ্গা (৫৭) রান শুরুতে দারুণ খেলে বেশ আশাবাদী করে তুলেছিলেন লঙ্কানদের। কিন্তু তারা আউট হওয়ার পরই কুশল মেন্ডিস (১১), চামারা কাপুগেদারা (০), আসেলা গুনারত্নে (৪), দীনেশ চান্দিমাল (১২) দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান।

কুশল পেরেরা দারুণ দৃঢ়তা দেখালেও সঙ্গীর অভাবে পারেননি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে। তিনি ৬৬ বলে ৪৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকা স্পিনার ইমরান তাহির মূলত শ্রীলঙ্কার এগিয়ে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ান। ২৭ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং ধস নামানোয় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান তিনিই।  এছাড়া ক্রিস মরিস ৩২ রানে দুটি ও মরকেল ও রাবাদা পান একটি করে উইকেট।

হাশিম আমলা

এর আগে, ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে  দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে খুবই সতর্কতার সঙ্গে শুরু করে। হাশিম আমলা ও ডি কক জুটি ভালোভাবেই খেলছিলেন। অবশ্য ডি কক ব্যক্তিগত ২৩ রানের মাথায় সাজঘরে ফিরে যান। এর পরই আমলা ও ডু প্লেসিস দারুণ দৃঢ়তা দেখান। দুজনে ১৪৫ রানের জুটি গড়ে দলকে পাহাড়সম ইনিংস গড়ার পথ দেখিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ৩০০ রানই করতে পারেনি তারা।

তবে আমলা ১১৫ বলে ১০৩ রানের দারুণ একটি ইনিংস খেলে দলের এই চ্যালেঞ্জিং ইনিংসের ভিত গড়ে দেন। তাকে যোগ্য সহায়তা দিতে গিয়ে ডু প্লেসিস ৭০ বলে ৭৫ রানের একটা ঝলমলে ইনিংস খেলেন। শেষ দিকে এসে জেপি ডুমিনি ২০ বলে ৩৮ রানের একটা ঝড়ো ইনিংস খেলে দলের ইনিংস ৩০০-র কাছাকাছি নিয়ে যান।

দীর্ঘ দুই বছর পর ওয়ানডে দলে ফিরে মালিঙ্গা ১০ ওভার বল করে ৫৭ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। প্রদীপ ৫৪ রানে দুটি এবং লকমল ও প্রসন্ন একটি করে উইকেট লাভ করেন।#

পার্সটুডে/এআর/৩