লন্ডনের দুই হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ
-
খুররম বাট- রাশিদ রেদোয়ান
লন্ডনের দুই হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ
স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, খুররম বাট নামের ২৭ বছর বয়সি প্রথম হামলাকারী পূর্ব লন্ডনের বারকিং এলাকায় বসবাস করত। পাকিস্তানি বংশোদ্ভূত এই বিবাহিত যুবক এক সন্তানের জনক ছিল।
ব্রিটিশ পুলিশ দাবি করেছে, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫’র সন্দেহভাজন ব্যক্তিদের তালিকায় খুররমের নাম থাকলেও সে সহসা এরকম একটি হামলা চালিয়ে বসবে তা বুঝতে পারেনি ওই সংস্থা।
লন্ডন হামলার দ্বিতীয় হোতা হিসেবে লিবিয় বংশোদ্ভূত ৩০ বছর বয়সি রাশিদ রেদোয়ানের নাম ঘোষণা করা হয়েছে। তার নামের বানান ফরাসি ভাষায় লেখা বলে মনে করা হচ্ছে। রেদোয়ানও লন্ডনের বারকিং এলাকায় বসবাস করত।
শনিবার রাতে খুররম ও রেদোয়ান তৃতীয় আরেক ব্যক্তিকে সঙ্গে নিয়ে লন্ডন ব্রিজ এলাকায় হামলা চালায়। তারা সাদা রঙের একটি কাভার্ড ভ্যান পথচারীদের ওপর চালিয়ে দেয় এবং পরবর্তীতে নিকটবর্তী বারো মার্কেট এলাকায় ছুরিকাঘাতে কয়েকজনকে হত্যা করে। তাদের হামলায় মোট সাত ব্যক্তি নিহত হয় এবং পুলিশ গুলি করে তিন হামলাকারীকে হত্যা করে।
শনিবার রাতের সন্ত্রাসী হামলায় আহত ৩৬ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
ওই হামলার দুই হোতার পরিচয় প্রকাশের পর লন্ডন পুলিশের হাতে আটক সন্দেহভাজন ১২ ব্যক্তির সবাইকে কোনো চার্জ গঠন ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে। রোববার লন্ডনের বার্কিং এলাকা থেকে ওই সাত নারী ও পাঁচ পুরুষকে আটক করেছিল ব্রিটিশ পুলিশ। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬