তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের বিচার: ২৩ ব্যক্তির যাবজ্জীবন
-
ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে চালানো হয় গণ-গ্রেফতার
তুরস্কে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ২৩ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে স্বেচ্ছা নির্বাসনে থাকা বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনের পার্টিতে যোগ দেয়ারও অভিযোগ আনা হয়।
শুক্রবার তুরস্কের একটি আদালত একইসঙ্গে অপর ১৮ ব্যক্তিকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে।
এদিকে তুরস্কের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের অন্যতম উপদেষ্টা আয়েশা ইলমাযকে গুলেন পার্টির সঙ্গে যোগসাজশ থাকার দায়ে কারাদণ্ড দেয়া হয়েছে।
এর আগে সম্প্রতি আবেদিন সাফা আকাই নামের এক বিচারককে ওই একই অভিযোগে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।
২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অন্তত ২০০ মানুষ নিহত হয়। ওই অভ্যুত্থান প্রচেষ্টার পর অতন্ত ১,২৫,০০০ মানুষকে চাকুরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক নাগরিক মিলিয়ে মোট ৫৫,০০০ মানুষকে আটক করা হয়েছে। ওই অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন আমেরিকা প্রবাসী বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেন। তাকে আঙ্কারার হাতে তুলে দেয়ার জন্য তুরস্ক আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭