যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে: অ্যামনেস্টি
-
বিক্ষোভকারীদের সঙ্গে অত্যন্ত রুঢ় আচরণ করে মার্কিন পুলিশ: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আমেরিকায় পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
আজ এক প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি বলেছে, ১১ সেপ্টেম্বরের ঘটনার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’কে সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও তাদের ওপর নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায়ের যে অধিকার দেয়া হয়েছিল তার মাধ্যমে সরকারিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে এই বাহিনী। এই প্রক্রিয়া এখনো চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যামনেস্টি বলেছে, মার্কিন সিনেটের একটি কমিটি ২০১৪ সালে এক প্রতিবেদনে সিআইএ’র গোপন বন্দিশালাগুলোতে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর অকথ্য নির্যাতনের কথা জানিয়েছিল। কিন্তু তারপর প্রায় তিন বছর পার হয়ে গেলেও সে নির্যাতন বন্ধের কোনো ব্যবস্থা মার্কিন প্রশাসন নেয়নি।
অ্যামনেস্টির প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের সঙ্গে মার্কিন নিরাপত্তা বাহিনীগুলোর আচরণে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে আরো বলা হয়, আমেরিকার অঙ্গরাজ্যগুলোর কারাগারের পাশাপাশি ফেডারেল কারাগারগুলোতে বন্দিদের সঙ্গে অসদাচরণ ও তাদের বিরুদ্ধে বলপ্রয়োগ করা হচ্ছে।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল মার্কিন পুলিশের পক্ষ থেকে কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের নির্বিচারে হত্যা করার তীব্র সমালোচনা করেছে। এ ছাড়া, বিক্ষোভ দমনে মার্কিন পুলিশ যে সামরিক সরঞ্জাম ব্যবহার করে তা রীতিমতো উদ্বেগের বিষয় বলে প্রতিবেদেন উল্লেখ করা হয়। সেইসঙ্গে এর মাধ্যমে জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর অধিকার কেড়ে নেয়া হচ্ছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১