আমেরিকা তাইওয়ানকে দিচ্ছে ১৪২ কোটি ডলারের অস্ত্র: চীনের তীব্র প্রতিক্রিয়া
মার্কিন পররাষ্ট্র বিভাগ তাইওয়ানের কাছে ১৪২ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে রাডার বিধ্বংসী উচ্চগতির ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্র এবং ভারি টর্পেডোসহ সাত ধরণের অস্ত্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এরই মধ্যে এ সব অস্ত্র বিক্রির পরিকল্পনার বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতর দাবি করেছে, এ সব অস্ত্র তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে। গত মার্চে প্রথম এ সব অস্ত্র বিক্রির বিষয়ে ঘোষণা দেয়া হয়েছিল।
এদিকে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। আমেরিকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত একে ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের চেতনা বিরোধী হিসেবে আখ্যায়িত করেন। টুইটার বার্তায় চীনা রাষ্ট্রদূত কুই তিয়ানকাই বলেন, এ সব তৎপরতা অর্থাৎ চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং বিশেষ করে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করা অবশ্যই পারস্পারিক
আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। এ ছাড়া, এটি ট্রাম্প-শি শীর্ষ বৈঠকের চেতনা বিরোধীও বলে উল্লেখ করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৩০