ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি মুসলিম ঐক্যের জন্য সহায়ক: পাক সেনাপ্রধান
-
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি মুসলিম বিশ্বের ঐক্য জোরদারের জন্য সহায়ক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
গত শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পারাচিনার শহরে স্থানীয় উপজাতি নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে। বৈঠকে জেনারেল বাজওয়া পরিষ্কার করে বলেন, তিনি নিজে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনীর এবং ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানির চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে শ্রদ্ধা করেন কারণ তাদের চিন্তা মুসলিম বিশ্বের ঐক্যের জন্য উপকারী।
জেনারেল বাজওয়া বলেন, আয়াতুল্লাহ খামেনেয়ী মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং যারা ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে চান তাদের উচিত ইরানের সর্বোচ্চ নেতার চিন্তাভাবনা অনুসরণ করা। জেনারেল বাজওয়া জোর দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা কখনো মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেন নি। যারা মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করে তাদেরকে অনুসরণ না করার জন্য পাক সেনাপ্রধান তার দেশের জনগণের প্রতি আহ্বান জানান।
জেনারেল বাজওয়া শুক্রবার পারাচিনার শহর পরিদর্শনে যান। সেখানে আন্তর্জাতিক আল-কুদস দিবসে সন্ত্রাসীরা বোমা হামলা চালালে বহু মানুষ মারা যায়। শহরটিতে বেশিরভাগ শিয়া মুসলমানের বসবাস রয়েছে। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে লাগাতার প্রতিবাদ করতে থাকেন। জেনারেল বাজওয়া পারাচিনার সফরে গিয়ে উপজাতি নেতাদের সঙ্গে বৈঠক করার পর তারা প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২