পাকিস্তানে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা ২০০ ছাড়াল
https://parstoday.ir/bn/news/world-i41454-পাকিস্তানে_ট্যাংকার_বিস্ফোরণে_নিহতের_সংখ্যা_২০০_ছাড়াল
পাকিস্তানে গত সপ্তাহের তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়ে ২০০ অতিক্রম করেছে। গত ২৫ জুন পাঞ্জাব প্রদেশের পূর্ব আহমেদপুরের কাছে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০৪, ২০১৭ ০২:২০ Asia/Dhaka
  • বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরের দৃশ্য
    বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরের দৃশ্য

পাকিস্তানে গত সপ্তাহের তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়ে ২০০ অতিক্রম করেছে। গত ২৫ জুন পাঞ্জাব প্রদেশের পূর্ব আহমেদপুরের কাছে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

মহাসড়ক ধরে ছুটে চলা ট্যাংকারটির একটি চাকা ফেটে গেলে এটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ অবস্থায় আশপাশের লোকজন পাত্র নিয়ে তেল সংগ্রহের জন্য ট্যাংকারটির চারপাশে ভিড় জমানোর পর এটি বিস্ফোরিত হয়।

প্রাথমিকভাবে এ ঘটনায় ১৫০ জনের নিহত হওয়ার খবর দেয়া হলেও কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে দগ্ধ আরো অর্ধ শতাধিক মানুষ হাসপাতালে মারা যাওয়ার ফলে নিহতের সংখ্যা বেড়ে ২০৬ জনে দাঁড়িয়েছে।

উদ্ধারকর্মীরা ওই বিস্ফোরণের পর জানিয়েছিলেন, একজন পথচারী একটি সিগারেটে আগুন ধরাতে গেলে তেল ট্যাংকারটি বিস্ফোরিত হয়। এর ফলে মারাত্মক দগ্ধ অনেকের লাশ বিকৃত হয়ে যাওয়ায় কেবল ডিএনএ পরীক্ষা মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। গত সপ্তাহে ওই ঘটনায় নিহত ১২৫ ব্যক্তির গণদাফন সম্পন্ন হয়।

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, বিস্ফোরিত ট্যাংকারটিতে করে ২৫,০০০ লিটার তেল করাচি থেকে লাহোরে নিয়ে যাওয়া হচ্ছিল।  ট্যাংকারটি উল্টে যাওয়ার পর পার্শ্ববর্তী গ্রামের লোকজন তেল সংগ্রহের জন্য আসার পাশাপাশি তারা টেলিফোন করে অন্যান্য গ্রামের লোকজনকেও পাত্র নিয়ে তেল সংগ্রহ করতে আসার আমন্ত্রণ জানান।

মহাসড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ এ সময় ট্যাংকারটি ঘিরে থাকা মানুষকে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়। নারী ও শিশুসহ শত শত মানুষ প্রবল উৎসাহ নিয়ে তেল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন ট্যাংকারটি ঘিরে থাকা সব মানুষকে গ্রাস করে নেয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪