স্বল্প পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে পাকিস্তান। পাক সামরিক বাহিনী আজ (বুধবার) এক বিবৃতিতে ‘নাসর’ নামের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে।
পরমাণু বোমা বহন করে ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যে এ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা যাবে। দ্রুত মোতায়েনযোগ্য ‘নাসর’ ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্টভাবে আঘাত হানার সক্ষমতা রয়েছে। এটা বিরাজমান হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়াবে বলেও পাক সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়। পরীক্ষামূলক উৎক্ষেপণ অনুষ্ঠানে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেয়া ভাষণে জেনারেল বাজওয়া বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো পন্থাই গ্রহণ করবে পাকিস্তান। তিনি বলেন, যুদ্ধকে বেছে নেয়ার কোনো ইচ্ছা পাকিস্তানের নেই তাই তুলে ধরা হয়েছে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। সংলাপের মাধ্যমে শান্তি স্থাপনে পাক সরকারের তৎপরতাকে সেনাবাহিনী আন্তরিকভাবে সমর্থন করে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, পাকিস্তানের কৌশলগত সক্ষমতা উঁচু মাত্রায় সামরিকীকরণ এবং যুদ্ধবাজ প্রতিবেশীর বিরুদ্ধে শান্তির নিশ্চয়তা দেয়। এ কথার মাধ্যমে তিনি পরোক্ষভাবে প্রতিদ্বন্দ্বী ভারতের প্রতিই ইঙ্গিত করেছেন।
পাক প্রেসিডেন্ট মামনুন হোসেইন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দু জনই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারা।
তবে, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তান এবং ভারতের মধ্যকার বিরাজমান উত্তেজনাকে আরো তুঙ্গে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ১৯৯৮ সালে পাকিস্তান পরমাণু সক্ষমতা অর্জন করেছে এবং ভারত অর্জন করেছে ১৯৭৪ সালে। এরপর থেকে দু দেশই নিয়মিতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে।#
পার্সটুডে/মূসা রেজা/৫