‘উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতে আমেরিকার পাশে থাকবে অস্ট্রেলিয়া’
https://parstoday.ir/bn/news/world-i41634-উত্তর_কোরিয়ার_সঙ্গে_সংঘাতে_আমেরিকার_পাশে_থাকবে_অস্ট্রেলিয়া’
অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী বার্নাবাই জয়েস বলেছেন, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পরমাণু অস্ত্র নিক্ষেপ করলে পিয়ংইয়ং’র বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে ওয়াশিংটনের পাশে থাকবে ক্যানবেরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০১৭ ০২:২২ Asia/Dhaka
  • অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী বার্নাবাই জয়েস
    অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী বার্নাবাই জয়েস

অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী বার্নাবাই জয়েস বলেছেন, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পরমাণু অস্ত্র নিক্ষেপ করলে পিয়ংইয়ং’র বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে ওয়াশিংটনের পাশে থাকবে ক্যানবেরা।

তিনি স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পরমাণু ওয়ারহেড নিক্ষেপ করলে ‘এএনযেডইউএস’ জোটকে তলব করা হবে।” অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা চুক্তি ‘এএনযেডইউএস’ নামে পরিচিত।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, “আপনি কেমন পদক্ষেপ চান।” জয়েস আরো বলেন, “কেউ যদি একটি দেশের ওপর পরমাণু অস্ত্র নিক্ষেপ করে তখন এরপর আপনি আর কি আশা করেন।”

যেসব দেশ উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেন করছে সেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়ার যে আহ্বান আমেরিকা জানিয়েছে তার প্রতিও সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী।

উত্তর কোরিয়ার অর্থনৈতিক লেনদেনের একমাত্র উৎস চীনকে বহু বছর ধরে পিয়ংইয়ং’র সঙ্গে বাণিজ্য না করার আহ্বান জানিয়ে এসেছে আমেরিকা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক টুইটার বার্তায় জানান, বেইজিং’র কাছ থেকে সেরকম কোনো সহযোগিতা পাওয়া যাবে না। ” চলতি বছরের প্রথম চার মাসে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের বাণিজ্য ৪০% বেড়ে গেছে বলেও দাবি করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর উত্তর কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা চরমে পৌঁছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেই বলপ্রয়োগ করে হলেও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার হুমকি দিয়েছিলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭