গোলযোগপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করুন: ভারতকে চীন
-
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং
উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটানোর জন্য হিমালয় অঞ্চলের গোলযোগপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
গতকাল (মঙ্গলবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমরা বহুবার বলেছি যে, ভারতের সেনারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে চীনা ভূখণ্ডে ঢুকে পড়েছে এবং দ্রুত তারা ভারতে ফিরে যাবে। আমরা আশা করি, ভারতীয় পক্ষ বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছে।”
লু ক্যাং জোর দিয়ে বলেন, বিতর্কিত এলাকা নিয়ে যেকোনো ধরনের আলোচনার আগে ভারতকে সেনা ফিরিয়ে নিতে হবে। চীন, ভারত ও ভূটান সীমান্তের একটি এলাকা নিয়ে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে মারাত্মক সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেখানে এক ধরনের অচলাবস্থা দেখা দিয়েছে। গত মাসে চীন বিতর্কিত দোকলাম মালভূমিতে একটি রাস্তা নির্মাণ করতে গেলে পরিস্থিতির অবনতি ঘটে। ভূটান দাবি করছে এটা তার এলাকা এবং এ বিষয়ে দেশটি ভারতের সাহায্য চেয়েছে। ভূটানের সাহায্যে ভারত দ্রুত এগিয়ে যায় এবং সেখানে সেনা মোতায়েন করে।
চীন যেখানে রাস্তা নির্মাণের চেষ্টা করেছে সেটা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের কাছে ‘চিকেন নেক’ নামে পরিচিত এলাকা। ভারত বলছে, সেখানে চীনের পক্ষ থেকে রাস্তা নির্মাণ নিরাপত্তার তাদের জন্য খুবই হুমকি কারণ এ রাস্তা নির্মাণের ফলে চীন ওই চিকেন নেক এলাকায় সহজেই ঢুকে পড়তে পারবে।
রাস্তা নির্মাণে বাধা পেয়ে এবং ভারতীয় সেনা মোতায়েনের পর চীন পাল্টা ব্যবস্থা হিসেবে তিব্বতের কৈলাস পর্বতে হিন্দু ও বৌধ সম্প্রদায়ের জন্য একটি তীর্থস্থানে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এছাড়া, সোমবার চীন দোকলাম এলাকায় ১১ ঘণ্টা ধরে তাজা গুলির মহড়া চালিয়েছে। চীনা গণমাধ্যমের খবর অনুযায়ী, মহড়ায় চীনের এক ব্রিগেড সেনা অংশ নেয় এবং রকেট লাঞ্চার, ভারী মেশিনগান ও মর্টার ব্যবহার করা হয়। এছাড়া, চীনা সেনারা শত্রুর বিমান শণাক্তকরণ ও তা ধ্বংসের ব্যবস্থাও যোগ করে মহড়ায়। চীন বলছে, ভারত ওই এলাকায় দু লাখ সেনা মোতায়েন করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯