'সিরিয়ায় রুশ বিমান বাহিনী মোতায়েন থাকবে ৪৯ বছর'
-
হেমেইমিম বিমান ঘাঁটি থেকে উড়ছে রাশিয়ার এসইউ-২৫ যুদ্ধবিমান
রাশিয়ার বিমান বাহিনী সিরিয় ভূখণ্ডে মোতায়েন সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ চুক্তি অনুযায়ী সিরিয়ায় রুশ বিমান বাহিনী ৪৯ বছর মোতায়েন থাকতে পারবে।
চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া ও সিরিয়া এ চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, ৪৯ বছরের মেয়াদ শেষ হওয়ার পর এ চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরো ২৫ বছরের জন্য নবায়ন হবে।
রুশ সংসদের নিম্নকক্ষ দুমা চলতি মাসের ১৪ তারিখে চুক্তিটি অনুমোদন করে এবং এর পাঁচদিন পর অনুমোদন করে সিনেট। প্রেসিডেন্ট পুতিন গতকাল (বৃহস্পতিবার) এ চুক্তি অনুমোদন করেছেন।
সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দামেস্ক সরকারকে সহায়তার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর ওপর রুশ বিমান বাহিনী হামলা শুরু করে। তার আগে সিরিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে এ বাহিনীকে মোতায়েন করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৮