ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে চেয়েছিলেন মুশাররফ
https://parstoday.ir/bn/news/world-i43036-ভারতের_বিরুদ্ধে_পরমাণু_হামলা_চালাতে_চেয়েছিলেন_মুশাররফ
২০০২ সালে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে চেয়েছিলেন পাকিস্তানের সে সময়কার সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ। তবে ভারতের পাল্টা হামলার আশংকায় তিনি চূড়ান্তভাবে সে সিদ্ধান্ত নেন নি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২৮, ২০১৭ ২০:২৮ Asia/Dhaka
  • জেনারেল পারভেজ মুশাররফ
    জেনারেল পারভেজ মুশাররফ

২০০২ সালে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে চেয়েছিলেন পাকিস্তানের সে সময়কার সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ। তবে ভারতের পাল্টা হামলার আশংকায় তিনি চূড়ান্তভাবে সে সিদ্ধান্ত নেন নি।

দুবাইয়ে বসবাসকারী ৭৩ বছর বয়সী পাকিস্তানের সাবেক এ স্বৈরশাসক সম্প্রতি এ তথ্য ফাঁস করেছেন। নয়াদিল্লির সংসদ ভবনে সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে জেনারেল মুশাররফ পরমাণু হামলার কথা চিন্তা করেছিলেন। তিনি জানান, ভয়াবহ ধ্বংস ডেকে আনতে সক্ষম পরমাণু বোমা ব্যবহার করবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি কয়েক রাত নির্ঘুম কাটিয়েছিলেন।

জাপানের মেইনিচি শিম্বুন পত্রিকা জানিয়েছে, সে সময় ভারত-পাকিস্তান কারো ক্ষেপণাস্ত্রেই পরমাণু ওয়ারহেড বসানো ছিল না। এর অর্থ হচ্ছে যদি জেনারেল মুশাররফ পরমাণু বোমা ব্যবহার করতে চাইতেন তাহলে তা প্রস্তুত করতে সে সময় অন্তত দু দিন সময় লাগত।

জেনারেল মুশাররফের কাছে জানতে চাওয়া হয় তিনি সে সময় পরমাণু ওয়ারহেড বসানোর নির্দেশ দিয়েছিলেন কিনা। জবাবে মুশাররফ জানান, “আমরা তা করি নি এবং আমরা মনে করি না যে, ভারতও তা করত।”

১৯৯৯ সালে জেনারেল মুশাররফ সামরিক অভুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরিয়ে ক্ষমতা দখল করেন। ক্ষমতা দখলের নয় বছর পর তিনি গণ-বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮