ইরান, রাশিয়া ও উ. কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিলে সই করলেন ট্রাম্প
-
বিলে সই করছেন প্রেসিডেন্ট ট্রাম্প
ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সইয়ের মধ্যদিয়ে বিলটি এখন আইনে পরিণত হলো।
হোয়াইট হাউজের দুটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্যামেরার আড়ালে এবং রুদ্ধদ্বার কক্ষে বিলটিতে সই করেন। সূত্রগুলো বলছে, বিলে সই করার মধ্যদিয়ে ট্রাম্প কংগ্রেসে অপমানজনক অবস্থা এড়াতে সক্ষম হলেন। তিনি ব্যক্তিগতভাবে এ বিলে সই করার পক্ষে ছিলেন না।
গত সপ্তাহে মার্কিন কংগ্রেস ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করে এবং প্রেসিডেন্টকে তাতে দ্রুত সই করার জন্য চাপ সৃষ্টি করে। ট্রাম্প বিলে সই না করলে কংগ্রেস প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা এড়িয়ে বিলটিকে আইনে পরিণত করত। বিলটি যাতে প্রেসিডেন্ট বাতিল না করতে পারেন সেজন্য তার ক্ষমতাও কমানো হয়েছে। এ অবস্থায় ট্রাম্প অনেকটা অনিচ্ছা সত্ত্বেও বিলে সই করতে বাধ্য হয়েছেন।
বিল পাসের কারণে রাশিয়ার জ্বালানি খাত ও কয়েকটি অস্ত্র নির্মাতা কোম্পানি নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এছাড়া, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির জন্য দেশটির বিরুদ্ধে মার্কিন কংগ্রেস নিষেধাজ্ঞা বিল পাস করে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২