আফগানিস্তানে মার্কিন জোটের বিমান হামলা: ১৬ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/world-i43950-আফগানিস্তানে_মার্কিন_জোটের_বিমান_হামলা_১৬_বেসামরিক_ব্যক্তি_নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সামরিক জোটের বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকাটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ১৭:৩৩ Asia/Dhaka
  • আফগানিস্তানে মার্কিন বাহিনীর তৎপরতা (২ আগস্টের ছবি)
    আফগানিস্তানে মার্কিন বাহিনীর তৎপরতা (২ আগস্টের ছবি)

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সামরিক জোটের বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকাটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল (বৃহস্পতিবার) হাসকা মিনা জেলায় বেসামরিক লোকজনকে বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এরমধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি হামলার কথা নিশ্চিত করেছেন। তবে কোন দেশের বিমান এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। আফগানিস্তানে বর্তমানে আমেরিকার ৮,৪০০ সেনা এবং ন্যাটো জোটের ৫,০০০ সেনা রয়েছে। প্রায়ই মার্কিন ও তার মিত্রদের বিমান হামলায় আফগানিস্তানের সেনা এবং বেসামরিক লোকজন নিহত হয়।

গত জুন মাসে মার্কিন বিমান হামলায় আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তিন সীমান্তরক্ষী নিহত হয়। তার আগে ফেব্রুয়ারি মাসে এ ধরনের হামলায় একই প্রদেশে মারা গেছে ২২ জন বেসামরিক নাগরিক।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১