আফগানিস্তানে ব্যর্থ হয়েছে আমেরিকা; অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে: রাশিয়া
-
আফগানিস্তানে মার্কিন সেনা (ফাইল ফটো)
রাশিয়া বলেছে, আফগান যুদ্ধে ব্যর্থ হয়েছে আমেরিকা; এখন তাদেরকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে আফগানিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সূতিকাগার বলে মন্তব্য করেছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের অন্যতম পরিচালক জামির কাবুলভ এসব কথা বলেছেন। তিনি একসময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগান বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (সোমবার) আরো বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আরো মার্কিন সেনা পাঠানোর কোনো যৌক্তিক কারণ দেখে না মস্কো। তিনি বলেন, রাশিয়া কখনো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তাড়াহুড়ো করে নি কিন্তু দীর্ঘদিনেও যেহেতু মার্কিন সেনারা ভালো কিছু করতে পারে নি সে কারণে এখন তাদের আফগানিস্তান ছাড়া উচিত।
আফগানিস্তানে নিয়মিত মার্কিন সেনার পরিবর্তে ভাড়াটে সেনা পাঠানোর তীব্র বিরোধিতা করেন রুশ এ কর্মকর্তা। মার্কিন ওই চিন্তা ভালো কোনো ফল বয়ে আনবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, টাকার বিনিময়ে সারা বিশ্ব থেকে সেনা নিয়োগ দেবে মার্কিন ঠিকাদারারা কিন্তু এসব সেনা কীভাবে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করবে?
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি খুব শিগগিরি বড় একটি সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছেন। এরপর জামির কাবুলভ এসব কথা বললেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫